অন্যকলাম
ভবিষ্যৎ পলকে হবে নতুন পল? এমন একটা অনুষ্ঠানই শুরু হচ্ছে জার্মানিতে। মহিলা বিশ্বকাপের পাশাপাশি নতুন পল নির্বাচনের কাজটিও হবে একই সঙ্গে। আর পলের মতো ম্যাচের ভবিষ্যৎ বলে দিয়ে খ্যাতি অর্জনের এই লড়াইয়ে নামছে আটটি অক্টোপাস। জার্মানির আটটি ‘সি লাইফ সেন্টারে’ রাখা হবে এদের। জার্মানির প্রতি ম্যাচের আগে তাদের নামিয়ে দেওয়া হবে ভবিষ্যদ্বাণী করতে। ধারণা করা হচ্ছে, পল যেভাবে ভবিষ্যদ্বাণী করত, এখানেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। দুটো বাক্সে রাখা হতো প্রতিদ্বন্দ্বী দুই দেশের পতাকা, পল যে বাক্সে রাখা খাবার বেছে নিত, সেই দলকেই ধরা হতো সম্ভাব্য জয়ী। এভাবেই গত বিশ্বকাপে নির্ভুল ভবিষ্যদ্বাণী করেছে পল। এবার তার উত্তরসূরিদের পালা। যে অক্টোপাস সবচেয়ে নির্ভুল ভবিষ্যদ্বাণী করবে, তার মাথায়ই উঠবে বিজয়ীর মুকুট। এএফপি।পুনর্গমনন্যাড়া বেলতলায় একবারই যায়। শেরিল কোলকে এই প্রবাদটাই মনে করিয়ে দিচ্ছে তাঁর পরিবার। শেরিল যে আবার ফিরে গেছেন তাঁর ‘প্রতারক’ সাবেক স্বামী অ্যাশলি কোলের কাছে! তাঁকে লুকিয়ে অন্য মেয়েদের সঙ্গে চুটিয়ে প্রেম করে যাচ্ছিলেন বলেই চেলসি তারকার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় শেরিলের। কিন্তু দুজনকে আবারও একসঙ্গে বিভিন্ন পার্টিতে দেখা যাচ্ছে ঘনিষ্ঠ অবস্থায়। শেরিলের এক ঘনিষ্ঠকে উদ্ধৃত করে মিরর লিখেছে, ‘কতবার তুমি নিজের হূদয় ভাঙতে চাও? শেরিলের কাছের মানুষদের কেউই চায় না ও আবার অ্যাশলির কাছে ফিরে যাক।’ ওয়েবসাইট।মোক্ষম দাওয়াইমাঝেমধ্যে কি উড়ো নম্বর থেকে ফোন করে কেউ বিরক্ত করে আপনাকে? ফোনের জ্বালায় অস্থির হয়ে গেছেন? তা হলে মাইকেল ক্লার্কের দাওয়াইটা আপনিও কাজে লাগিয়ে দেখতে পারেন। অস্ট্রেলীয় অধিনায়ককেও এমন এক ব্যক্তি মাঝেমধ্যেই ফোন করে বিরক্ত করত। জ্বালাতনে অস্থির ক্লার্ক শেষ পর্যন্ত নম্বরই পাল্টাতে বাধ্য হয়েছেন। তবে ভালো প্রতিশোধও নিয়েছেন। নিজের বলে ওই ব্যক্তির ফোন নম্বর দিয়ে দিয়েছেন তাঁর টুইটারে। এরপর ক্লার্কের সোয়া এক লাখ টুইটার অনুসরণকারীদের অনেকেই পাল্টা উড়ো ফোন দিতে শুরু করেছে ওই ব্যক্তির নম্বরে। চিন্তা করে দেখুন। সেই ব্যক্তির অবস্থা নিশ্চয়ই ছেড়ে দে মা কেঁদে বাঁচি পর্যায়ে গিয়ে পৌঁছেছে। ওয়েবসাইট।