অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অঙ্গভঙ্গির মাশুল
খেলার সময় কতজন কত অঙ্গভঙ্গিই তো করেন! সেসব অনেক সময় ভব্যতার মাত্রাও ছাড়িয়ে যায়। এ জন্য শাস্তি পাওয়ার ঘটনাও নিয়মিতই ঘটে, নিষেধাজ্ঞা থেকে শুরু করে জরিমানাও পেতে হতে পারে। সে পর্যন্ত হলে না হয় কথা ছিল। ভেরডার ব্রেমেনের সেনেগালিজ ডিফেন্ডার পাপি জিলোবজিকে এখন আদালতে পর্যন্ত যেতে হতে পারে। কী এমন করেছেন জিলোবজি? বুন্দেসলিগার একটা ম্যাচে মেইনজ ডিফেন্ডার পাবলো ডি ব্লাসিসকে উদ্দেশ্য করে হাত দিয়ে গলা কাটার ভঙ্গি করেছিলেন। এ ঘটনার পরই দুই ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে ১৫ হাজার ইউরো জরিমানা দিতে হয়েছিল জিলোবজিকে। কিন্তু এখন জার্মানির আদালত তদন্ত শুরু করেছে এ ঘটনা নিয়ে। বোঝাই যাচ্ছে, জিলোবজির ‘নির্দোষ’ অঙ্গভঙ্গি তারা হালকাভাবে নেয়নি! এএফপি।
পাল্টা হুমকি!
‘ভালো ছেলে’ বলে সুনাম খুব একটা কখনোই ছিল না। বরং নানা অঘটনের জন্ম দিয়ে কখনো না কখনো আলোচনায় ছিলেন। আগে জরিমানা-শাস্তিও পেতে হয়েছে, কিন্তু নিক কিরিয়স ওসব পাত্তা দিলে তো! আচরণ না বদলালে অস্ট্রেলিয়ার অলিম্পিক দল থেকে বাদ দেওয়া হবে—এমন হুমকিও তাই খুব একটা গায়ে মাখছেন না এই টেনিস খেলোয়াড়। এখানে অবশ্য একা নন কিরিয়স, দোসর হিসেবে পেয়েছেন বার্নার্ড টমিচকে। অস্ট্রেলিয়ান টেনিস ফেডারেশন জানিয়েছে, ‘আচরণে’ উন্নতি না হলে দুজনকেই অলিম্পিক দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তাদের চূড়ান্ত। কিন্তু কিরিয়স সরাসরিই বলে দিয়েছেন, ‘ওরা যদি দেশের সেরা দুজন খেলোয়াড়কে ছাড়া খেলতে চায়, খেলুক না!’ এখন ফেডারেশন কী বলে সেটাই দেখার। এএফপি।
বুফনের আনন্দ-দিন
জুভেন্টাসের সঙ্গে দুই বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন, তার মানে ৩৮ বছর বয়সী জিয়ানলুইজি বুফন ক্লাবটিতে খেলতে পারবেন তাঁর ৪০ বছর বয়স পর্যন্ত। গত পরশু ইতালিয়ান গোলকিপারের দিনটাকে আরও আনন্দে ভরিয়ে দিলেন ক্লদিও রানিয়েরি। প্রিমিয়ার লিগ শিরোপাজয়ী সব খেলোয়াড়ের অটোগ্রাফসহ লেস্টার সিটির একটি জার্সি ইতালিয়ান গোলকিপারকে উপহার দিয়েছেন রানিয়েরি। টুইটারে ছবিটি দিয়ে বুফন জানিয়েছেন তাঁর আনন্দের কথা, ‘বিশেষ স্বাক্ষরময় একটা দিন গেল। নিজে জুভেন্টাসের সঙ্গে চুক্তি করলাম সেটি ২০১৮ সাল পর্যন্ত বাড়িয়ে নিতে, এরপর লেস্টারের এই স্বাক্ষরগুলো। ধন্যবাদ, রানিয়েরি!’ ছবি: টুইটার।