অন্যকলাম
ভিডিও দেখেগত তিন মৌসুমে খেলেছেন মাত্র চারটি লিগ ম্যাচ। ম্যানচেস্টার ইউনাইটেডে থেকেও যেন ছিলেন না ওয়েন হারগ্রিভস। ছিলেন না কোচের সুনজরেও। বর্তমানে ক্লাবহীন হয়ে পড়া ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার নজরে পড়ার ভালো ব্যবস্থাই করেছেন। নিজের ফিটনেসের প্রমাণ হিসেবে বেশ কিছু ভিডিও তিনি তুলে দিয়েছেন ইউটিউবে। বুদ্ধি কাজেও দিয়েছে। ইউটিউবে এই ভিডিও দেখে তাঁকে ট্রায়ালে ডেকেছেন সভেন গোরান এরিকসন। ইংল্যান্ড জাতীয় দলের সাবেক কোচ গত বছর দায়িত্ব নিয়েছেন লিস্টার সিটির। ‘আমি ওর ভিডিও দেখেছি। এখানে আসতে চাইলে ওর জন্য দুয়ার খোলা আছে’—বলেছেন এরিকসন। রয়টার্স।গানে আনন্দদুই নৌকায় পা দিয়ে চলা মুশকিল। যেমন চলছেন আসামোয়াহ জিয়ান। পেশায় নিজে ফুটবলার। কিন্তু নেশা তাঁর সংগীতও। এরই মধ্যে বেশ কিছু গানও গেয়েছেন। নিজের দেশ ঘানায় সংগীতশিল্পী হিসেবেও বেশ জনপ্রিয়। সম্প্রতি বেরিয়েছে তাঁর নতুন গান ‘ডু দ্য ডান্স’। অনেকেরই আশঙ্কা, গানের প্রতি তাঁর এই ঝোঁক ফুটবল ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলবে। সাবেক কয়েকজন ফুটবলারও এ ব্যাপারে মন্তব্য করেছেন। কিন্তু সান্ডারল্যান্ডের এই স্ট্রাইকার এমন আশঙ্কা উড়িয়ে দিলেন, ‘অনেক ইউরোপিয়ান ফুটবলার অবসর সময়টা গলফ খেলে কাটায়। আমি বেছে নিয়েছি গান রেকর্ড করা।’ ওয়েবসাইট।রোনালদোর রেকর্ডকদিন আগে শেষ হওয়া স্প্যানিশ লিগে রেকর্ড ভেঙেছেন। এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। মাঠে না থেকেও আরেকটি মাইলফলক ছুঁয়ে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। না, ফুটবলীয় রেকর্ড-টেকর্ড কিছু নয়। মাইলফলকটা তিনি ছুঁয়েছেন সাইবার জগতে। ফেসবুকে ক্রিস্টিয়ানো রোনালদোর যে অফিশিয়াল ফ্যান পেজ আছে, সেটারই ভক্তসংখ্যা সম্প্রতি ছাড়িয়ে গেল তিন কোটি! উপলক্ষটা তো উদ্যাপনও করতে হয়। ফেসবুকে রোনালদো লিখেছেন, ভক্তরা তাদের উদ্যাপনের ছবি দিক, তিনিও দেবেন তাঁর উদ্যাপনের। এরই মধ্যে অনেকে সেই ছবি ফেসবুকে তুলেও দিয়েছে। এবার রোনালদোর দেওয়ার পালা। ওয়েবসাইট।