অন্যকলাম
ভিভের আড্ডায়
সকালে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ঘাম ঝরানো অনুশীলন করে এলেন। কোহলি-ধাওয়ানরা কি তখনো জানতেন বিকেলে স্বয়ং ক্যারিবীয় কিংবদন্তির সঙ্গেই দেখা হয়ে যাবে? ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগায় যে হোটেলে উঠেছে ভারতীয় দল, সেখানে সাক্ষাৎ দিতে এলেন রিচার্ডস! যখন খেলতেন, ব্যাট হাতে ক্রিজে নামা থেকে শুরু করে পুরোটা সময়, রিচার্ডস ছিলেন ক্রিকেটীয় বিনোদনের অন্য নাম। ৬৪ বছর বয়সে এসে মাঠে তো সেটি আর সম্ভব নয়, তবে আড্ডায়ও পুরোনো রিচার্ডসকেই পাওয়া গেল। ভারত দলকে শুভকামনা জানিয়েছেন, প্রশংসা করেছেন ‘এ যুগের ভিভ’ কোহলি ও স্থির-আগ্রাসী রাহানের ব্যাটিং টেকনিকেরও। স্টুয়ার্ট বিনিকে পেয়ে নাকি তাঁর বাবা রজার বিনির সঙ্গে ১৯৮৩ বিশ্বকাপের ‘লড়াই’য়ের গল্পের ঝাঁপিও খুলে বসেছিলেন রিচার্ডস। ভারতীয় খেলোয়াড়দের উচ্ছ্বাসটাও টের পাওয়া গেল। সেলফি তুলেছেন, টুইটও করেছেন কোহলি-ধাওয়ানরা। বিসিসিআইডটটিভি।
নেইমারকে চ্যালেঞ্জ!
মার্ক জাকারবার্গের মাথাটাথা বোধ হয় খারাপই হয়ে গেছে! না হলে ফুটবলে নেইমারকে কেউ চ্যালেঞ্জ করে? আসল মজাটা এখানেই। নেইমারকে ফুটবলেই চ্যালেঞ্জ জানিয়েছেন জাকারবার্গ, তবে খেলার মাঠে নয়, মুঠোফোনের স্ক্রিনে! নেইমারও চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপটি অনেকেই ব্যবহার করেন। ফেসবুক কয়েক দিন আগে সেখানে ফুটবল নিয়ে একটি গেম ছেড়েছে। আর সেখানেই ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ নেইমারের সঙ্গে পাল্লা দিতে চাইছেন। খেলাটিতে মূল কাজ হচ্ছে বল মাটিতে না পড়া পর্যন্ত সেটি লোফালুফি করতে থাকা। আঙুলের স্পর্শে। বল পড়তে না দিয়ে জাকারবার্গ সেই কাজটা টানা ৩৭ বার করতে পেরেছেন। পরে ফেসবুকে একটি ভিডিও পোস্টে নেইমারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফেসবুকেই সেটা সানন্দে লুফে নিয়েছেন। দেখা যাক, জয়টা কার হয়! গোলডটকম।