অন্যকলাম
আলোনসোর বিনয়রেকর্ড সাতবার জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ফর্মুলা ওয়ানের কিংবদন্তি মাইকেল শুমাখারের এই কীর্তি কি কেউ টপকাতে পারবেন? যাঁকে মনে করা হচ্ছে ভবিষ্যতের শুমাখার, ফর্মুলা ওয়ানের বর্তমান এক নম্বর সেই ফার্নান্দো আলোনসোর উত্তর, ‘না।’ পরিসংখ্যান বলছে, শুমাখারের সঙ্গে পাল্লা দিয়েই ছুটছেন আলোনসো। গতকাল গেল এই স্প্যানিশ ফর্মুলা ওয়ান তারকার ৩০তম জন্মদিন। এই বয়সেই জিতেছেন ২টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ২৭টি শিরোপা, ২০ বার পোল পজিশন। ত্রিশের কোটায় থাকতে শুমাখারও জিতেছিলেন দুবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ৩৩টি শিরোপা, ২০ বার পোল পজিশন। শুমাখারের কাছাকাছি যেতে পেরে নিজেকে ‘ভাগ্যবান’ বলছেন আলোনসো, ‘শুমির সাত শিরোপার রেকর্ড অক্ষতই থাকবে।’ নিশ্চয়ই বিনয়! ওয়েবসাইট।অদ্ভুত অভ্যর্থনাবিমানবন্দরে নামতেই যদি দেখেন, আপনাকে অভ্যর্থনা জানাতে সারি বেঁধে দাঁড়িয়ে আছে পুলিশ; এমনিতেই ঘাবড়ে যাওয়ার কথা। তার ওপর সেই পুলিশের দল যদি আপনাকে দেখতে পেয়েই নাচ শুরু করে দেয়? তাহলে ভিরমিও খেতে পারেন। সেই অভিজ্ঞতাই হয়েছে ইংল্যান্ড যুব ফুটবল দলের। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অংশ নিতে পরশু কলম্বিয়া পৌঁছেছে ইংল্যান্ড দল। বিমানবন্দরে তাদের নেচে নেচে অভ্যর্থনা জানিয়েছে স্থানীয় পুলিশ। হকচকিয়ে যাওয়া তরুণ খেলোয়াড়দের সেই নাচে অংশ নেওয়ার আমন্ত্রণও জানানো হয়েছিল। কিন্তু আন্তরিকভাবে সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে দলটি। তবে দলের হয়ে স্ট্রাইকার মাইকেল এনগু বলেছেন, ‘এটা সত্যিই বেশ উপভোগ্য আর মজার অভ্যর্থনা ছিল।’ এএফপি।টিসেরার বিদ্বেষইংলিশরা তাঁর দুচোখের বিষ। রিকার্ডো টিসেরা নাকি দেখতে পারেন না তাঁরই দেশের ফুটবল কিংবদন্তি পেলেকেও। ইংলিশদের ব্যাপারে তাঁর আলোচিত মন্তব্য, ‘ওই লুটেরারা জাহান্নামে যাক।’ সম্প্রতি ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের কিছু আনুষ্ঠানিকতা সারতে দেশটিতে এসেছেন সেপ ব্ল্যাটার। এ সময়ই ব্রাজিল ফুটবল কনফেডারেশন-প্রধান টিসেরার বেশ কিছু অভিযোগ সম্প্রতি ফিফা সভাপতির কানে গেছে। পেলের বদলে রোমারিওকেই আগামী বিশ্বকাপের প্রধান দূত নাকি করতে চেয়েছিলেন টিসেরা। কিন্তু সরকারের হস্তক্ষেপে পরে পেলেকেই নির্বাচন করা হয়েছে। এসব বিষয় নিয়ে ব্ল্যাটার টিসেরার সঙ্গে আলাপ করতে পারেন বলে শোনা যাচ্ছে। ওয়েবসাইট।