অন্যকলাম
পথেই সুসংবাদ
ক্রীড়া প্রতিবেদক সন্তানসম্ভবা স্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন শুনেই শুক্রবার ভোরে ঢাকা ছাড়েন। বেলজিয়াম পৌঁছানোর দুই ঘণ্টা আগে ইস্তাম্বুলে যাত্রাবিরতির সময়ই পেলেন সুসংবাদ। কন্যাসন্তানের বাবা হয়েছেন টম সেন্টফিট। ইস্তাম্বুল বিমানবন্দর থেকেই খুশির খবরটা জানালেন বাফুফেকে। জাতীয় দলের বেলজিয়ান কোচ এই প্রথম বাবা হওয়ার আনন্দে সবাইকে ঢাকা ফিরে মিষ্টি খাওয়ানোর প্রতিশ্রুতিও দিলেন। তবে আপাতত প্রস্তুতি ম্যাচ খেলতে আগামীকাল মালদ্বীপ যাওয়া জাতীয় দলের সঙ্গে সেন্টফিট সরাসরি মালেতে যোগ দেবেন। ২ সেপ্টেম্বর রাতে দলের সঙ্গে ফিরবেন ঢাকায়। সঙ্গে যদি জয় নিয়ে ফিরতে পারেন তাহলে তো সোনায় সোহাগা। মিষ্টি খাওয়া জমবে ভালো!

সেই কিরিওস
টেনিসের ‘ব্যাড বয়’ বলা হয় তাঁকে। নিক কিরিওসের প্রতিভা নিয়ে কখনোই সংশয় ছিল না, কিন্তু সেটিকে পূর্ণতা দেওয়ার পথে সবচেয়ে বড় বাধা তিনি নিজেই। একটু খামখেয়ালি, একটু নিয়ম না-মানার মানসিকতাই অস্ট্রেলিয়ান টেনিস তারকার সবচেয়ে বড় দোষ। নতুন করে উল্টোপাল্টা কী করেছেন? মজেছেন পোকেমন গো নিয়ে। অন্য অনেকেরই এই ভিডিও গেমটির প্রতি আকর্ষণ আছে, কিন্তু কিরিওসের যেন একটু বেশিই। নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদন, ২১ বছর বয়সী অস্ট্রেলিয়ান নাকি দু-দুটি ফোন ব্যবহার করেন গেমটি খেলার জন্য। এক টেনিস ক্যাম্পে গিয়েও তরুণ টেনিস খেলোয়াড়দের সঙ্গে সারাক্ষণ কথা বলেছেন গেমটি নিয়ে। ব্যঙ্গ করেই নাকি বলেছেন, ‘পোকেমন ও অনুশীলনের মধ্যে ভারসাম্য খুঁজে বের করতে হবে।’ ফক্স স্পোর্টস।
জমবে এবারও
গত বছর মিউনিখে লুকাস রোসোলের সঙ্গে ম্যাচটির কথা অ্যান্ডি মারের এখনো ভোলার কথা নয়। ম্যাচে এতটাই উত্তেজনা ছড়িয়েছিল যে ব্রিটিশ টেনিস তারকা একপর্যায়ে রোসোলকে বলে বসেন, ‘এই ট্যুরে কেউই তোমাকে পছন্দ করে না, সবাই ঘৃণা করে।’ এক বছর পর ম্যাচটির কথা আসছে, কারণ আগামীকাল শুরু হতে যাওয়া ইউএস ওপেনে প্রথম রাউন্ডেই আবার মুখোমুখি দুজন। এবারও কি উত্তেজনা ছড়াবে? সদ্যই অলিম্পিকের এককে সোনা জিতে ফেরা মারের অবশ্য এবার আর তেমন শঙ্কা নেই। বললেন, সেদিনই নাকি সব মিটমাট করে ফেলেছিলেন, ‘ম্যাচের পরই ওর সঙ্গে কথা বলেছিলাম, সব ঠিক আছে। কোর্টে যখন ছিলাম কিছু কিছু ঘটনা ঘটেছে। আসলে ওই দিনটি বাদ দিলে ওর সঙ্গে আমার ভালোই জমে সব সময়।’ কোর্টে এবারও তেমন জমবে? এএফপি।