অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবধান

একই শহরের দুটি ক্লাব। অথচ কি অর্জনের নিরিখে, কি তারকাদ্যুতিতে তাদের মধ্যে যেন যোজন ব্যবধান। রিয়াল মাদ্রিদ যেখানে সর্বকালেরই অন্যতম সেরা ক্লাব, অ্যাটলেটিকো মাদ্রিদ নগরপ্রতিদ্বন্দ্বীদের ধারেকাছেও নেই! সামনের শুক্রবার কোপা ডেল রের ফাইনাল, তাতে মুখোমুখি মাদ্রিদের দুই ক্লাব। এর আগে অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনের কাছে প্রশ্ন করা হয়েছিল, দুই দলের মধ্যে ব্যবধান আসলে কতটা? রসিক সিমিওনের উত্তর, ‘৪০০ মিলিয়ন ইউরো!’ রিয়ালে যেখানে তারকার মেলা, সেখানে এক ফ্যালকাও ছাড়া অ্যাটলেটিকো তো গরিবস্য গরিব, সেটাই বোঝালেন সিমিওনে। এত টাকা ঢালার পরও রিয়ালের সাফল্যহীনতাকে একটু খোঁচাও মারলেন! ওয়েবসাইট।

টেন্ডুলকার স্বর্ণমুদ্রা

শচীন টেন্ডুলকারকে কতভাবেই না সম্মান জানাচ্ছে ভারতীয়রা! স্বর্ণমুদ্রা, সোনার মূর্তি উপহার দিয়ে সম্মান জানানো হয়েছে আগেই। তবে ভ্যালুমার্ট গোল্ড ও জুয়েলস নামের জুয়েলারি প্রতিষ্ঠানের সম্মান জানানোর পন্থাটা একটু বেশিই অভিনব। সম্প্রতি তারা এক ধরনের স্বর্ণমুদ্রা বানিয়েছে। টেন্ডুলকারের ছবি ও স্বাক্ষরসংবলিত সেই মুদ্রার নামই ‘শচীন টেন্ডুলকার স্বর্ণমুদ্রা’। টেন্ডুলকারের উপস্থিতিতে অক্ষয় তৃতীয়ায় শচীন টেন্ডুলকার স্বর্ণমুদ্রার শুভ উদ্বোধনও হয়ে গেল। এখন চাইলেই ভ্যালুমার্ট ডট কম ও ভারতজুড়ে শীর্ষস্থানীয় জুয়েলারি দোকান থেকে সংগ্রহ করতে পারবেন এটা। ২৪ ক্যারাটের সোনা দিয়ে তৈরি প্রতিটা মুদ্রার ওজন ১০ গ্রাম, দাম ৩৪ হাজার রুপি। ওয়েবসাইট।

১০১ ভাগ!

ফুটবল কোচদের কাজটা বড্ড কঠিন। দল জিতলে সব ঠিক, কিন্তু উল্টোটা হলেই আর নিস্তার নেই। প্রশ্ন উঠে যায় আত্মনিবেদন নিয়েও। আন্দ্রেয়া স্ত্রামাচ্চিওনি এখন ভালোই টের পাচ্ছেন ব্যাপারটা। এই মৌসুমে যাচ্ছেতাই অবস্থা ইন্টারের, পয়েন্ট তালিকায় আছে নয়ে। চ্যাম্পিয়নস লিগ দূরে থাক, কোনো ইউরোপীয় প্রতিযোগিতাতেই খেলা হচ্ছে না তাদের। কাজেই স্ত্রামাচ্চিওনির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে গেছে এর মধ্যে। এই তরুণ কোচ অবশ্য দাবি করছেন তাঁর আত্মনিবেদন প্রশ্নাতীত। ‘আমি ইন্টারের হয়ে নিজের ১০১ ভাগ ঢেলে দিয়েছি। সামনেও দেব’—সমালোচকদের যেন কোনো সুযোগই দিলেন না স্ত্রামাচ্চিওনি! ওয়েবসাইট।