অন্যকলাম
সাত বছর পর২০০৪ সালে কী একটা অনুষ্ঠানে বিবিসি তাঁর ছেলেকে নিয়ে যা বলেছিল, সেটা একদমই পছন্দ হয়নি স্যার অ্যালেক্স ফার্গুসনের। বিবিসির ওপর সেই থেকেই চটে ছিলেন ম্যানইউ ম্যানেজার। সাত বছর ধরে বিবিসি রেডিও এবং বিবিসি টেলিভিশনকে বয়কট করে চলেছেন। না কোনো সাক্ষাৎকার দিতেন, না দিতেন বিবৃতি। এমনকি বিবিসি অফিশিয়াল সম্প্রচারক হলেও ফার্গুসন ছিলেন অনড়। অনেক সময় তাই বড় জরিমানাও গুনতে হয়েছে ভদ্রলোককে। তবে বিবিসি-ফার্গুসন দীর্ঘ বৈরী সম্পর্কটা আর নেই। বিবিসির মহাপরিচালক মার্ক টমসন ও উত্তরাঞ্চলের পরিচালক পিটার স্যালমনের সঙ্গে ফার্গুসনের ফলপ্রসূ বৈঠকের পর দুই পক্ষই উড়িয়েছে সাদা পতাকা। রয়টার্স।ড. ধোনিসমালোচনার ঝড়ের মধ্যে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে কিছুটা স্বস্তি এনে দিল লিস্টারের ডি মনফোর্ট বিশ্ববিদ্যালয়। ভারতকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়ায় ধোনিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। ২৯ আগস্ট লিস্টারশায়ারের বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে ধোনির হাতে সনদ তুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পূর্ব লিস্টারের সংসদ সদস্য কিথ ভাজ বলেছেন, ‘ধোনিকে বেছে নেওয়ায় ডি মনফোর্ট বিশ্ববিদ্যালয়কে অভিনন্দন। প্রথম শ্রেণীর একটি বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছে বিশ্বসেরা অধিনায়ককে।’ সবকিছুই এখন ধোনির কানে লাগতে পারে সুধার মতো! ওয়েবসাইট। মামলা খারিজভীষণ চটে গিয়েছিলেন ইয়েন্স লেম্যান। চটে যাওয়ারই কথা। জাতীয় দলে এই সেদিন আসা একটা খেলোয়াড় যদি তাঁর মতো সাবেককে নিয়ে অপমানজনক মন্তব্য করে, লেম্যান চটবেন না! টিম ভাইজের বিরুদ্ধে সোজা আদালতেই মানহানির মামলা ঠুকে দিয়েছিলেন জার্মানির সাবেক গোলরক্ষক। ভেরডার ব্রেমেনের এই গোলরক্ষকের খেলা নিয়ে স্কাই টিভিতে বিশেষজ্ঞ হিসেবে কড়া সমালোচনা করেছিলেন লেম্যান। জবাবে ভাইজ মন্তব্য করেন, লেম্যান ইদানীং এমন সব হাস্যকর কথা বলছেন, তাঁর উচিত মাপেট অনুষ্ঠানে যোগ দেওয়া কিংবা মানসিক রোগ বিশেষজ্ঞকে দেখানো। এমন মন্তব্যের পর আদালতে মামলা করে ২০ হাজার ইউরো ক্ষতিপূরণ দাবি করেন লেম্যান। কিন্তু আদালত খারিজ করে দিয়েছেন মামলা। এএফপি।