অন্যকলাম
বোল্ট পারবেন না?টাইসন গে, স্টিভ মুলিংস আগে থেকেই নেই। কুঁচকির চোট বাইরে ঠেলে দিয়েছে সাবেক বিশ্ব রেকর্ডধারী আসাফা পাওয়েলকেও। দেগু যেন উসাইন বোল্টের জন্য ফাঁকা ময়দান! কিন্তু মরিস গ্রিনের ভবিষ্যদ্বাণী সত্যি হলে, এই ফাঁকা ময়দানেও ফায়দা লুটতে পারবেন না অলিম্পিক ও বিশ্ব রেকর্ডধারী বোল্ট। সর্বকালের দ্রুততম মানবদের তালিকায় থাকা এই মার্কিন স্প্রিন্টারের ভবিষ্যদ্বাণী, দেগুতে বোল্ট জিততে পারবেন না! তাহলে কে জিতবেন? চারটি অলিম্পিক সোনাজয়ী ও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন গ্রিনের উত্তর, বোল্টেরই স্বদেশি এবং অনুশীলন পার্টনার ইয়োহান ব্লেক! ‘চ্যাম্পিয়নশিপ তারকার জন্ম দেয়। আমি মনে করি, এই চ্যাম্পিয়নশিপও বিস্ময় উপহার দিতে যাচ্ছে’—গ্রিনের ভবিষ্যদ্বাণী। রয়টার্স।সাঁতারু রুনিতবে কি ছেলেকে ফুটবলার বানানোর কোনো ইচ্ছা নেই কলিন রুনির। মনে হয়, ফুটবলে লাথি মারার চেয়ে ডুবুরির কাজটাই ওয়েইন রুনির স্ত্রীর বেশি পছন্দ। না হলে ২১ মাস বয়সী ছেলে কাইকে কেন পানির তলে সাঁতার শেখাবেন? শুধু সাঁতার শেখাই নয়, পানির তলে ছেলেকে নিয়ে বিশেষ ফটোশ্যুটেও অংশ নেবেন কলিন। কলিন নিজে আন্ডারওয়াটার সুইমিং কোর্সে অংশ নিচ্ছেন। এক সূত্র জানিয়েছে, এরই মধ্যে প্রায়ই ছেলেকেও সঙ্গে করে এনেছেন কলিন। ওই সূত্রের কাছ থেকেই জানা গেছে, কাই নাকি পানিতে দাপাদাপি করতে খুবই ভালোবাসে। রুনি পরিবারে এবার হয়তো সাঁতারুই আসছে। ওয়েবসাইট।বোমাতঙ্ক‘ভয়’ ব্যাপারটা ভারতের পিছুই ছাড়ছে না। বল হাতে নামলে তাড়া করে ইংলিশ ব্যাটসম্যানদের হাতে পিটুনি খাবার ভয়। ব্যাট হাতে নামলে ভারত কাঁপাকাঁপি করে অ্যান্ডারসন-ট্রেমলেট-ব্রডদের পেসের ভয়ে। কিছুদিন আগে পুরো দলকে পেয়ে বসেছিল দাঙ্গার ভয়। এবার ভারতীয় দলকে গ্রাস করল বোমাতঙ্ক! পরশু কেন্টে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। মাত্র ৫ রানে জেতা ভারতের ম্যাচ শেষে ওই বোমা আতঙ্কের ঘটনা। ভারতের ড্রেসিংরুমের ময়লার ঝুড়িতে সন্দেহজনক একটা প্যাকেট দেখা যায়। নিরাপত্তাকর্মীরা দ্রুত ছুটে এসে ভারতীয় দলকে ড্রেসিংরুম থেকে বের করে আনেন। পরে অবশ্য ‘বোমা’ আর খুঁজে পাওয়া যায়নি। ওয়েবসাইট।