অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফন্দি
বজ্র আঁটুনি ফসকা গেরো বোধ হয় একেই বলে। এত নিরাপত্তাব্যবস্থার কড়াকড়ি, এত সব অত্যাধুনিক যন্ত্র, কিন্তু এর মধ্যে দুই সমর্থক টিকিট ছাড়াই খেলা দেখে ফেলেছিলেন প্রায়! তা-ও আবার ওল্ড ট্রাফোর্ডের মতো মাঠে। ঘটনাটা এই সপ্তাহে আর্সেনালের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে। ইউরোপের স্টেডিয়ামগুলোতে দর্শকদের ঘুরিয়ে দেখানোর বিভিন্ন ব্যবস্থা থাকে। খেলার আগের দিন ওল্ড ট্রাফোর্ডে ঘুরতে এসেছিলেন দুই বিদেশি ছাত্র। কিন্তু ঘুরতে আসা নয়, তাঁদের উদ্দেশ্য ছিল অন্য কিছু। ওই দিন তাঁরা ওল্ড ট্রাফোর্ড থেকে আর বেরই হননি, সারা রাত কাটিয়ে দিয়েছেন লুকিয়ে। সিসি ক্যামেরায়ও ধরা পড়েননি। উদ্দেশ্য ছিল পরদিন আর্সেনালের বিপক্ষে ম্যাচটা বিনা টিকিটে দেখে ফেলা। কিন্তু ম্যাচের দিন সকালবেলা টয়লেট থেকে আটক করা হয় দুজনকে। পুলিশ অবশ্য দুজনকে সতর্ক করেই ছেড়ে দিয়েছে। গোলডটকম।
ফেসবুকের হ্যাপা
তাসমানিয়া পুলিশের ফেসবুক পেজে দেওয়া পোস্টটা খুবই সাধারণ। ভিক্টোরিয়ার ৪৭ বছর বয়সী একজন ভদ্রলোক, নিউ সাউথ ওয়েলসের ৪৬ বছর বয়সী একজন আর ইংল্যান্ডের ৩৬ বছর বয়সী এক নাগরিককে গাড়িতে সিটবেল্ট না বাঁধায় ৩০০ ডলার করে জরিমানা করা হয়েছে। কিন্তু সেই ঘোষণা এমন আলোড়ন তুলল কেন? কারণ, ওই তিনজনের নাম শেন ওয়ার্ন, মাইকেল স্ল্যাটার ও কেভিন পিটারসেন! হোবার্ট শহরে গাড়ি চালানোর সময় সিটবেল্ট না বাঁধায় এই জরিমানা দিতে হয়েছে ওই তিনজনকে। তার চেয়েও মজার ব্যাপার, পুলিশ কিন্তু তাঁদের হাতেনাতে ধরতে পারেনি। ফেসবুক লাইভে ওয়ার্নের একটা ভিডিও দেখেই পুলিশ জরিমানা করেছে। গাড়িতে অবশ্য ওই সময় ওয়ার্নের দুই সাবেক সতীর্থ মার্ক টেলর ও ইয়ান হিলিও ছিলেন। কিন্তু সিটবেল্ট বাঁধা থাকায় বেঁচে গেছেন তাঁরা দুজন। ওয়ান ইন্ডিয়া।
শুধু শাস্তিই নয়
ঠিকঠাক করলে কেউ ধন্যবাদ দেবে না, কিন্তু পান থেকে চুন খসলেই সমস্যা। রেফারিদের কাজটাই এমন। মাঝেসাঝে তাঁরাও ভুল করে বসেন। কিন্তু সেটার জন্য প্রকাশ্যে ফিফা বা উয়েফা কখনোই তাঁদের সমালোচনা করে না। ফিফা ও উয়েফার নীতিমালাতেই রেফারিদের পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করার নিষেধাজ্ঞা আছে। কিন্তু আফ্রিকান ফুটবল ফেডারেশন (সিএএফ) হাঁটল একেবারেই উল্টো পথে। তিনজন রেফারিকে তিন মাসের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি প্রকাশ্যে তাঁদের সমালোচনাও করেছে সিএএফ। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভুল করার জন্যই এই শাস্তি। এই তিন রেফারির দুজন কেনিয়ার, অন্যজন ঘানার। বিবিসি।