অন্যকলাম
বিবাহ সমাচারক্রীড়া প্রতিবেদক লিওনেল মেসি কি আসলেই বিয়ে করেছেন। কদিন আগে একটা ওয়েবসাইটে মেসির বিয়ের খবর আসার পর থেকেই এই ধন্দ। ওয়েবসাইট তো হাজার রকমের, তাতে খবরও রটে শত-কোটি। সত্যি-মিথ্যা কে জানে! সমস্যার সমাধানে কাল দ্বারস্থ হওয়া গেল আর্জেন্টিনার অন্যতম দৈনিক ক্লারিন-এর বাংলাদেশ সফররত সাংবাদিক দানিয়েলের। ‘মেসি কি আসলেই বিয়ে করেছেন?’ প্রশ্নটা করতেই ভদ্রলোক যেভাবে মাথা দোলালেন তার ‘অনুবাদ’ হয়—ধুর ধুর। মাথা দোলাতে দোলাতেই বললেন, ‘এসব একদমই বাজে খবর। যে সাংবাদিক এসব রটিয়েছে ওর কথা মোটেও বিশ্বাস করবেন না।’ ব্যথানাশক মেসি!ক্রীড়া প্রতিবেদক ভেতরে তখন মেসিবরণের ব্যস্ততা। ভরদুপুরে বাইরে ঠায় দাঁড়িয়ে কেরানীগঞ্জের কিশোর ইমরান নাজির, শ্যামবাজারের রাজু ও আজিমপুরের বায়েজিদেরা। আর্জেন্টিনা দলের অনুশীলন আর খেলা দেখার সামর্থ্য নেই বলে ভিড় করেছিল রূপসী বাংলা হোটেলের সামনে। যদি কোনো এক ফাঁকে মেসিকে দেখা যায়! নিরাপত্তাকর্মী আর পুলিশের বাধার মুখে বারবার সরে যেতে হচ্ছিল হোটেলের প্রবেশপথ থেকে। সকাল সাড়ে নয়টা থেকে হোটেলের সামনে অবস্থান করা ইমরানকে এক পুলিশ লাঠি দিয়ে গুঁতোও দিয়েছে কয়েকবার। পুলিশের লাঠির বাড়ি খেয়েও শেষ পর্যন্ত মেসিকে দেখেছে বলে দারুণ খুশি, ‘মার খাইছি তাতে কী হইছে। মেসিকে তো দেখলাম। মাইরের ব্যথা ভুলে গেছি।’ শচীন এলে...ক্রীড়া প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসে গল্প করছিলেন সমাজকল্যাণের ছাত্র সোহেল রানা ও আনোয়ার। শহরে মেসি অথচ কোনো উন্মাদনা তাঁদের ছুঁয়ে যাচ্ছে না! টিকিটের আকাশছোঁয়া দামই এর কারণ। এঁদের পাশেই গল্পে মশগুল ছিলেন ঢাবির মার্কেটিংয়ের ছাত্রী বর্ণা আর তিতুমীর কলেজের কলি। বাংলাদেশের ম্যাচ নয় বলে তাঁদের মধ্যে আগ্রহ কম। মেসি-হিগুয়েইন-মাচেরানো নয়, এঁরা আসলে শচীন টেন্ডুলকারের ভক্ত। বর্ণা এক ফাঁকে বলেও ফেললেন, ‘শচীন টেন্ডুলকার বা শহীদ আফ্রিদি এলে মাঠে যেতাম।’