অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিদি-ভক্ত
পাকিস্তানের কোহলি-ভক্ত উমর দারাজের কথা মনে আছে? ভারতের ম্যাচের সময় প্রিয় ক্রিকেটারের সমর্থনে নিজ বাড়ির ছাদে ভারতীয় পতাকা উড়িয়ে যিনি জেল খেটেছেন। কাছাকাছি একই ঘটনা এবার ঘটল ভারতে। ভুক্তভোগী যুবকের নাম রিপন চৌধুরী। আসামের হায়লাকান্দির স্থানীয় এক ম্যাচে খেলার জন্য শহীদ আফ্রিদির এই পাঁড় ভক্ত মাঠে নেমেছিলেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের জার্সি পরে। এ নিয়ে ভারতীয় জনতা পার্টির যুব সংগঠনের স্থানীয় যুব মোর্চা কমিটি অভিযোগ করে থানায়। পরে পুলিশ এসে গ্রেপ্তারও করে নিয়ে যায় ওই আফ্রিদি-ভক্তকে। জি নিউজ।
এভাবে প্রতারণা!
ম্যারাথনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, কিন্তু দূরত্ব দেখে ইচ্ছাটা দমে যাচ্ছে? ‘সহজ’ বুদ্ধি—কাউকে টাকা দিয়ে আপনার হয়ে দৌড়াতে বলুন! চীনের শিয়ামেনে এক ম্যারাথনে এমনটাই ঘটেছে। তবে প্রতারণার ব্যাপারটা সামনে এসেছে মর্মান্তিকভাবে, এক দৌড়বিদের মৃত্যুর পর। ফিনিশিং লাইন থেকে তিন মাইল দূরে হার্ট অ্যাটাক করে মারা যান এক ম্যারাথনার। পরে তদন্তে জানা যায়, দৌড়ে তাঁর নামই ছিল না, অন্য একজনের হয়ে দৌড়াতে এসেছেন। এমন প্রতারণার দায়ে ১৮ হাজার প্রতিদ্বন্দ্বীর মধ্যে ৩০ জনকে নিষিদ্ধ করা হয়। চীনের বিশেষজ্ঞরা এর কারণ হিসেবে বলছেন মানুষের হাস্যকর এক প্রবণতার কথা, ‘কোনো ইচ্ছাশক্তি বা প্রথাগত অনুশীলন ছাড়াই এই প্রতারকেরা আসে, শুধু ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়ার ইচ্ছায়। আর মানুষকে জানাতে কতটা “স্বাস্থ্যসচেতন” জীবনযাপন করছে তারা!’ এএফপি।
জাদুকর লুইজ
তাঁর জায়গা ডিফেন্সে। প্রতিপক্ষ যেন গোল করতে না পারে, সেটা নিশ্চিত করাই ডেভিড লুইজের কাজ। চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডারের নামের পাশে তাই ‘জাদুকর’ শব্দটা ওভাবে বসানো যায় না। কিন্তু তাঁরও তো জাদুকর হয়ে উঠতে ইচ্ছা করে! সম্প্রতি চেলসি ড্রেসিংরুমে সত্যিকারের জাদুকর হয়ে উঠলেন লুইজ। চেলসি ক্লাবের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেল, তাসের জাদুতে কীভাবে দলের চিকিৎসক পাকো বায়োসকাকে বোকা বানাচ্ছেন লুইজ। পাশে দাঁড়ানো ডিয়েগো কস্তা ও এডেন হ্যাজার্ড অনেক চেষ্টা করলেন বায়োসকাকে জেতাতে। কিন্তু তিনজনের মিলিত প্রচেষ্টাও যথেষ্ট হলো না জাদুকর লুইজের সঙ্গে লড়ার জন্য। হার স্বীকার করে উল্টো বায়োসকাকেই মাথা নোয়াতে হলো লুইজের কাছে। ডেইলি মেইল।