অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুলনা
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর তুলনাটা দিনকে দিন যেন আরও ‘ক্লিশে’ হয়ে যাচ্ছে। তুলনা সবাই-ই করেন এবং প্রায় একই সুরে। এদিক থেকে এস্তেবান গ্র্যানেরো ভিন্ন, পুরোনো তুলনাটাই স্প্যানিশ মিডফিল্ডার করেছেন একটু নতুন উপায়ে। মেসি-রোনালদোর তুলনায় টেনে এনেছেন সংগীতের দুই আলাদা ধরনকে। রিয়াল মাদ্রিদের যুব প্রকল্পে বেড়ে ওঠা, রোনালদোর সঙ্গে অনেক দিন খেলেছেনও গ্র্যানেরো। এ কারণেই কিনা, রোনালদোর প্রতি একটু বেশিই টান বর্তমানে রিয়াল সোসিয়েদাদে খেলা মিডফিল্ডারের। রোনালদোকে তুলনা করেছেন অস্ট্রেলিয়ান বিখ্যাত ব্যান্ড এসি/ডিসির সঙ্গে, ‘ক্রিস্টিয়ানো হলো এসি/ডিসির মতো, হেভি মেটাল।’ আর মেসি? আর্জেন্টিনা ফরোয়ার্ড নাকি আশির দশকের লাতিন আমেরিকান সংগীত রেগের মতো, ‘মেসি...ধরুন, ও রেগের মতো। তবে ভালো।’ গোলডটকম।
ডাইভের নকল
উইলফ্রায়েড যাহার বিরক্ত হওয়ার যথেষ্ট কারণ আছে। না হয় একটু ডাইভ দিয়েছেন, তাই বলে একটা মাসকট এভাবে খোঁচাবে! তা-ও নিজ দলের সমর্থকদের সামনে? ঘটনাটা পরশু ওয়াটফোর্ড-ক্রিস্টাল প্যালেস ম্যাচে, ওয়াটফোর্ডের মাঠে। ম্যাচে ওয়াটফোর্ড বক্সে একবার ডাইভ দিয়েছিলেন যাহা, এ জন্য হলুদ কার্ডও দেখতে হয় ক্রিস্টাল প্যালেস উইঙ্গারকে। তাতেই শেষ নয়, কার্ডের পাশাপাশি খোঁচাও খেতে হয়েছে যাহাকে। দিয়েছে কে? ওয়াটফোর্ডের অফিশিয়াল মাসকট ‘হ্যারি দ্য হর্নেট’। ম্যাচ শেষে ভ্রাম্যমাণ প্যালেস দর্শকদের অভিবাদন জানাতে যান যাহা, মাস্কটটি সেখানে গিয়ে ২৪ বছর বয়সী উইঙ্গারের সামনেই তাঁকে নকল করে দেয় ডাইভ। যাহা তো রেগেমেগে একাকার, পরে প্যালেসের অন্য খেলোয়াড়েরা তাঁকে শান্ত করেন। ডেইলি মেইল।
আউট, নটআউট!
সরষেতেই যদি ভূত থাকে, তাহলে ভূত তাড়াবে কে! কী করবেন বুঝে উঠতে না পারলেই মাঠের আম্পায়ার সিদ্ধান্ত নেওয়ার ভার তৃতীয় আম্পায়ারকে দেন। ভালো করে ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার। কিন্তু তৃতীয় আম্পায়ারই যদি ভুল করে বসেন! মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে ঘটেছে এমন ঘটনাই। আসাদ শফিক স্ট্রেট ড্রাইভ খেলেছিলেন। তাঁর ব্যাট থেকে আসা বল বোলার জ্যাকসন বার্ডের হাত ছুঁয়ে ভেঙে দেয় অপর প্রান্তের স্টাম্প। ক্রিজের বাইরে চলে আসা আজহার আলী ব্যাট আবার দ্রুতই ভেতরে রাখেন। রানআউট কি না তা দেখার ভার মাঠের আম্পায়ার দেন তৃতীয় আম্পায়ারকে। টিভি রিপ্লেতে স্পষ্টই দেখা গেছে, আজহারের ব্যাট ঠিক জায়গাতেই ছিল। কিন্তু মাঠের বড় স্ক্রিনে ভেসে ওঠে—আউট! মানে ভুল বোতাম চেপেছেন তৃতীয় আম্পায়ার। ভুলটা অবশ্য সঙ্গে সঙ্গেই শুধরে নেওয়া হয়েছে। ক্রিকইনফো।