অন্যকলাম
ফ্যালকাওয়ের না
টাকায় নাকি বাঘের দুধও মেলে। চীনের ক্লাবগুলোও এই নিয়ম মেনে কিনে নিয়েছে ইউরোপের অনেক তারকা ফুটবলারকে। তবে সত্যিকারের ‘বাঘ’কে কিনতে পারেনি। ‘এল তিগ্রে’ বা টাইগার যার ডাকনাম—রাদামেল ফ্যালকাও! একবার নয়, তিন-তিনবার চীনের ক্লাবগুলোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মোনাকোর কলম্বিয়ান স্ট্রাইকার। বছর দু-তিনেক আগেও বিশ্বের ভয়ংকরতম স্ট্রাইকারদের একজন ছিলেন, তবে চোটের কারণে মাঝে পিছিয়ে পড়েছিলেন অনেক। এ মৌসুমে খিদেটা আবার টের পাচ্ছেন ফ্যালকাও, মোনাকোর জার্সিতে ২২ ম্যাচে করেছেন ১৮ গোল। এ খিদে চীনের টাকায় মেটানোর নয় বলেই জানালেন ৩০ বছর বয়সী স্ট্রাইকার, ‘এত টাকার প্রস্তাবে না বলা কঠিন। তবে নিজের শরীরে একটা তাগিদ টের পাচ্ছি আমি। দলের জন্য, আমার ক্যারিয়ারের জন্য আমার এখানে থাকা গুরুত্বপূর্ণ।’ গোলডটকম।
গম্ভীরের গর্ব
কি টুইটার, কি ফেসবুক...দুই দিন ধরে সব জায়গাতেই রীতিমতো প্রশংসার বৃষ্টিতে ভিজছেন রাহুল দ্রাবিড়। ভারতের ক্রিকেট কিংবদন্তির কাজটা অবশ্য সম্মান পাওয়ার মতোই। খেলাধুলায় অবদানের জন্য সাবেক ভারতীয় ব্যাটসম্যানকে সম্মানসূচক ডক্টরেট দিতে চেয়েছিল বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়, কিন্তু দ্রাবিড় সেটি সম্মানের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন। কেন? ‘দ্য ওয়াল’ এখানেও নিজের সংকল্পে দৃঢ়, ডক্টরেট যদি পেতেই হয়, নিজে ভালোভাবে গবেষণা করেই নেবেন! এ নিয়েই প্রশংসা, তবে দ্রাবিড়ের সংকল্প সম্ভবত সবচেয়ে বেশি নাড়া দিয়েছে গৌতম গম্ভীরকে। ৩৫ বছর বয়সী বাঁহাতি ওপেনার টুইটে দ্রাবিড়কে নিয়ে প্রকাশ করেছেন তাঁর গর্ববোধ, ‘তিনি এটা অর্জন করতে চান। এমনই হওয়া উচিত। কোনো পেশাতেই এমন সম্মানসূচক ডক্টরেট দেওয়া উচিত নয়। আমাদের আসল হিরো দরকার, সম্মানসূচক নয়।’ ক্রিকেট লাউঞ্জ।