অন্যকলাম
ব-তে বরখাস্ত...ব-তে বাতিস্তা, ব-তে বরখাস্ত। এ এক আশ্চর্য মিল। কোপা আমেরিকার ব্যর্থতার জন্য কিছুদিন আগে বরখাস্ত হয়েছেন আর্জেন্টিনার কোচ সার্জিও বাতিস্তা। এবার ব্রাজিলে বরখাস্ত আরেক বাতিস্তা। এই ভদ্রলোকের নামের আগে অবশ্য সার্জিও নেই, আছে এডিলসন। এর আগে ৫ ম্যাচের সব কটি হেরেছে তাঁর দল সাও পাওলো। পরশু ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে অ্যাটলেটিকো গইয়ানিয়েন্সের কাছে ৩-০ গোলে হারের পর আর দেরি করেনি বাতিস্তার ক্লাব। দল ড্রেসিংরুমে থাকতেই তাঁকে জানায় পত্রপাঠ বিদায়! আরেকটি বিষয়ও মেলানো যায়—ব-তে ব্রাজিল, ব-তে বরখাস্ত। এই নিয়ে ব্রাজিলিয়ান প্রথম বিভাগের ২০টি ক্লাবে এ মৌসুমে বরখাস্ত হলেন ৩১ জন কোচ! রয়টার্স।দ্বৈত প্রস্তাবদুটি কিনলে একটা ফ্রি—ইদানীং বাজারে এ রকম বিজ্ঞাপন হরহামেশাই দেখা যায়। পণ্য বিক্রির সহজ পথও এটা। ফুটবলেও মনে হয় এটা শুরু করে দিলেন নাসের আল-খেলায়ফি। ডেভিড বেকহামকে তাঁর ক্লাবে নিতে এ রকম একটি প্রস্তাবই দিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মালিক। পিএসজিতে খেলবেন আর আল-জাজিরা টেলিভিশনে ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করবেন—একসঙ্গে দুই চাকরি! মেজর লিগ সকার (এমএলএস) ছেড়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ফ্রান্সে পাড়ি জমালে একই সঙ্গে আল-জাজিরা স্পোর্টের দায়িত্বে থাকা আল-খেলায়ফি তাঁকে নিতেই চাইবেন। ২০১২ থেকে ফ্রেঞ্চ লিগের সম্প্রচার স্বত্বও পেয়েছে চ্যানেলটি, বেকহামকে পেলে ওটারও টিআরপি বাড়ে! ওয়েবসাইট।