অন্যকলাম
প্রকৃতির ডাকে
প্রকৃতির ডাক উপেক্ষা করা অসাধ্য। সময়-অসময় না বুঝেই এই ডাক আসে, তাতে সাড়া না দিয়েও উপায় থাকে না। গ্যারি হোয়াইটের চেয়ে ভালোভাবে সেটি টের পেয়েছেন কে! স্কটল্যান্ডের নন-লিগ দল শেটেলসটনের গোলকিপার তিনি, পোস্টের পেছনেই প্রকৃতির ডাকে সাড়া দিয়ে দেখেছেন লাল কার্ড! পরশু লিগে শটস বন অ্যাকর্ডের বিপক্ষে খেলছিল হোয়াইটের দল। খেলার মধ্যেই হঠাৎ তাঁর বেগ পেল। সহকারী রেফারির কাছে মাঠের বাইরে যাওয়ার অনুমতি চেয়েছিলেন, কিন্তু ‘নিষ্ঠুর’ রেফারি বলে দিলেন, ‘আমরা ম্যাচ থামাতে পারি না।’ কী আর করা, ৭২ মিনিটের সময় নিজের গোলপোস্টের পেছনে ওয়ালের পাশে গিয়েই কাজটা সেরে ফেললেন হোয়াইট। তাতেই ঝামেলা, মাঠে ফিরতেই লাল কার্ড! এএফপি।
আপত্তি নেই এনরিকের
লোভনীয় সব অঙ্কের টানে চীনে পাড়ি দিচ্ছেন প্রতিভাবান ফুটবলাররা। অস্কার, তেভেজদের মতো অনেকে এখন মাতাচ্ছেন চায়নিজ সুপার লিগ। বাড়তি বেতনের আশায় ফুটবলারদের এভাবে শীর্ষ লিগ ছেড়ে যাওয়াটা ভালো চোখে দেখছেন না অনেকেই। যাঁরা অর্থের ঝনঝনানিতেও কান বন্ধ করে রয়ে যাচ্ছেন, তাঁরাও পাচ্ছেন ভক্তদের বাড়তি ভালোবাসা। তবে বার্সেলোনার কোচ লুইস এনরিকে ফুটবলারদের সিএসএলে যাওয়াতে কোনো সমস্যা দেখছেন না, ‘এটা তো দারুণ ব্যাপার, ফুটবলাররা চীনে যাচ্ছে এবং বেশি অর্থ পাচ্ছে। সব পেশাতেই বেশি বেতনের জন্য চাকরি বদলায় সবাই। শুধু ফুটবলে করলেই সমস্যা, অদ্ভুত!’ খুব একটা ভুল বলেননি এনরিকে। কিন্তু তাঁর দলের খেলোয়াড়দের দিকেও যে হাত বাড়াচ্ছে চীনের ক্লাবগুলো! দলের প্রাণভোমরাদের কাউকে যদি হারিয়ে ফেলেন, তখনো কি একই সুরে কথা বলবেন এনরিকে? গোলডটকম।