অন্যকলাম
জরিমানাগোল উদ্যাপনের দায়ে জরিমানা গুনতে হলো মেক্সিকোর ক্লাব শিভাজের দুই ফুটবলারকে! না, গোল উদ্যাপনে নিষেধ নেই। তাঁদের উদ্যাপনের ভঙ্গিটাই ছিল খারাপ! গত রোববার এস্তুদিয়ান্তেসের বিপক্ষে শিভাজের ৫-২ গোলের জয়ে স্ট্রাইকার মার্কো ফাবিয়ান ডি লা মোরা করেছেন হ্যাটট্রিক। মোরা সতীর্থ আলবার্ত মেদিনার সঙ্গে গোল উদ্যাপন করেন একে অন্যের মাথায় গুলির ভঙ্গিতে আঙুল ঠেকিয়ে, যেন গুলি করছেন। এতে দেশের মাদক সহিংসতা আরও উসকে দেওয়া হয়েছে মনে করে দুজনকেই ৫০ হাজার মেক্সিকান পেসো জরিমানা করেছে ক্লাব, যা দেওয়া হবে এতিমখানায়। ক্লাব সতীর্থদের সহায়তায় জরিমানা শোধ করেছেন, ডি লা মোরা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অনুতপ্তও। ওয়েবসাইট।পার্সি অন্য রকম‘আমি রেকর্ডের জন্য খেলি না।’ রেকর্ডের পর এই হচ্ছে তারকাদের প্রতিক্রিয়া। কিন্তু রবিন ফন পার্সির কথা উল্টো। ডাচ তারকার কথা রেকর্ডের জন্যই খেলেন তিনি, মাইলফলক পেরোনোর বিষয়টি সব সময়ই তাঁর মাথায় থাকে। মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আর্সেনাল অধিনায়ক। গত রোববার বোল্টনের বিপক্ষে জোড়া গোল করে আর্সেনালের ১৭তম খেলোয়াড় হিসেবে ছুঁয়েছেন শততম গোলের মাইলফলক। পার্সি বলছেন, মৌসুমটি তিনি শুরুই করেছিলেন থিয়েরি অঁরি ও ডেনিস বার্গক্যাম্পের শত গোলের দিকে তাকিয়ে। আর মৌসুমে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের অনুপ্রেরণাও নাকি এই লক্ষ্যটাই। ওয়েবসাইট।সেরার কথা‘ধুলোমাখা পথই আমার, তুমি চড়ো জয়রথে...’—আন্দ্রেস ইনিয়েস্তার দর্শনটা এ রকমই। এবারের ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারটা পাওয়ার স্বপ্ন দেখেন কি না—এই প্রশ্নে বার্সেলোনা প্লে-মেকার দিয়েছেন দার্শনিক উত্তর, ‘কোনো সন্দেহ নেই, মেসি এখন ১ নম্বর। এ নিয়ে আমার সংশয় নেই। আমি সব সময় ভাবি, সেরা খেলাটা খেলতে পারব কি না আর শিরোপা জয় নিয়ে। সেরা খেলোয়াড় হলাম কি হলাম না, এ নিয়ে আমি মোটেই চিন্তা করি না।’ ক্রিস্টিয়ানো রোনালদোকে কোন পাল্লায় মাপেন ইনিয়েস্তা? ‘সেরাদের একজন রোনালদো’—ঝটপট উত্তর স্প্যানিশ মিডফিল্ডারের। ওয়েবসাইট।