অন্যকলাম
নিজের জালেই
মাথায় হ্যাট, চোখে চশমা। গলায় চেইন, পরনে মখমলের জ্যাকেট। তাঁকে ঘিরে একঝাঁক তরুণ-তরুণী। উমর আকমলকে মার্কিন সংগীতশিল্পী ব্রুনো মার্স বলে ভুল হয়! এক হাতে মাইক্রোফোন ধরে বাদ্যযন্ত্রের তালে নেচে চলেছেন পাকিস্তান উইকেটকিপার-ব্যাটসম্যান। টুইটারে পোস্ট করা আকমলের ৩ সেকেন্ডের ভিডিওটা অবশ্য তাঁর ভক্ত-সমর্থকের অনেকেই স্বাভাবিকভাবে নিতে পারেনি। এ নিয়ে খোঁচা খেতে হচ্ছে তাঁকে। আকমল হয়তো নিজেও ভাবতে পারেননি, ভিডিওটি নিয়ে এভাবে ভক্তদের সমালোচনা সইতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে যে কজন ক্রিকেটার সবচেয়ে বেশি সক্রিয়, আকমল তাঁদের একজন। যাপিত জীবনের অনেক কিছুই তিনি জানিয়ে দেন টুইটার-ফেসবুকে। তাঁর আগের ছবি-ভিডিওগুলোর সঙ্গে এটি বেখাপ্পা লেগেছে বলেই খেপেছেন তাঁর ভক্তরা। টুইটার।
এবার সানিয়া
এত দিন শুধু প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করলেই হতো। কিন্তু যা দেখা যাচ্ছে, তাতে এখন থেকে প্রতিপক্ষের তালিকায় ‘কর কর্তৃপক্ষ’কেও রাখতে হবে খেলোয়াড়দের, তা তিনি যে খেলারই তারকা হোন না কেন! একের পর এক তারকা খেলোয়াড়ের বিরুদ্ধে উঠছে কর ফাঁকির অভিযোগ। ইউরোপীয় ফুটবলেই গত কয়েক বছরে লিওনেল মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদোদের বিপক্ষে কর ফাঁকির অভিযোগ শোনা গেছে, মেসির তো সাজাই হয়েছে। বিশ্ব ফুটবলে সময়ের সেরা তারকাদের পথের যাত্রী এবার সানিয়া মির্জাও। আয় গোপন করে কর কম দেওয়ার অভিযোগে তিন দিন আগে ভারতীয় টেনিস-কন্যার বাড়িতে নোটিশ পাঠিয়েছে হায়দরাবাদ কর কর্তৃপক্ষ। করের অঙ্ক
অবশ্য সানিয়ার জন্য খুব বেশি নয়, ‘মাত্র’ ২০ লাখ রুপি। ডেকান ক্রনিকল।