অন্যকলাম
ম্যারাডোনার শিক্ষাশিষ্যদের ফুটবল তো শেখাবেনই, পাশাপাশি এখন থেকে শেখাবেন আরও একটা জিনিস—ডাইভ দেওয়া। সেটাই বলছেন ডিয়েগো ম্যারাডোনা। আল ওয়াসলের কোচ হিসেবে কাজ করতে এসে তাঁর উপলব্ধি, এখন খেলোয়াড়দের ইচ্ছে করে পড়ে গিয়ে ফাউল আদায় করে নেওয়ার অপকৌশলটা রপ্ত না করালেই আর চলছে না! পরশু আরব আমিরাত লিগে আল ওয়াসলের ম্যাচ ছিল আল-জাজিরার সঙ্গে। ১-০ গোলে ম্যাচটা হারার পর রেফারির ওপর ক্ষোভ ঝেড়েছেন ম্যারাডোনা। বলেছেন, ‘রেফারি সব সিদ্ধান্তই জাজিরার পক্ষে নিয়েছে। ভাবছি, খেলোয়াড়দের মাটিতে পড়ে গিয়ে ফাউল আদায় করে নেওয়া শেখাব। এ ছাড়া রেফারির অনুকম্পা পাওয়ার তো উপায় দেখছি না!’ ওয়েবসাইট।সিয়াসিয়ার মামলাকোচের চাকরিটাই এমন। আজ আছেন তো কাল নেই। ছাঁটাই যেন তাঁদের নিয়তি। অনেকে নীরবে মেনে নেন। কেউ কেউ রুখে দাঁড়ান। যেমন দাঁড়িয়েছেন স্যামসন সিয়াসিয়া। নাইজেরিয়ার কোচ হিসেবে ভালোভাবেই কাজ করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর পারলেন না। ২০১২ আফ্রিকান নেশনস কাপের টিকিট পায়নি সুপার ইগলরা। তাই গত শুক্রবার ছাঁটাই করা হয় তাঁকে। কিন্তু হাসিমুখে ছাঁটাই মেনে নিতে পারেননি। নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের (এনএফএফ) বিরুদ্ধে ঠুকে দিয়েছেন মামলা। তাঁর দাবি, এভাবে ছাঁটাই করে চুক্তির শর্ত ভঙ্গ করেছে এনএফএফ। ওয়েবসাইট।বেকহামের স্বপ্ন৩৭ বছর বয়স চলছে। এই বয়সে অনেকেই খেলা ছেড়ে কোচিং কোর্স শুরু করে দেয়। কিন্তু ডেভিড বেকহাম খেলে চলেছেন এখনো। শুধু তা-ই নয়, তাঁর কথাবার্তায় মনে হচ্ছে না শিগগিরই অবসর নেবেন! এ মৌসুমেই শেষ হয়ে যাচ্ছে এলএ গ্যালাক্সির সঙ্গে চুক্তি। বুড়ো বেকহামকে পেতে এরই মধ্যে ইউরোপের কয়েকটি ক্লাব আগ্রহ দেখিয়েছে। বেকহাম চুক্তি বাড়াতে পারেন গ্যালাক্সির সঙ্গেও। শুধু ক্লাবের হয়েই নয়, জাতীয় দলের হয়েও নিজের ক্যারিয়ারের ভবিষ্যৎ এখনো খুঁজে পান এই ইংলিশ মিডফিল্ডার। বেকহামের ইচ্ছা, আগামী বছর অলিম্পিকে খেলবেন ব্রিটেনের হয়ে। ‘আমি বুড়ো হয়ে গেছি এই কথা দশ-পনেরো বছর ধরেই তো শুনছি’—নিজেকে তরুণ ভাবেন জানিয়ে বলেছেন বেকহাম। এএফপি।