অন্যকলাম
রামোসের আনন্দ
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা ছিলেন যন্ত্রণাক্লিষ্ট। নিজেদের বিদায় হয়েছে কোপা ডেল রের শেষ আট থেকে। আর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা উঠে গেছে ফাইনালে। রিয়ালের সাবেক স্ট্রাইকার রাউল বলেই দেন, বার্সাকে ফাইনালে দেখে তাঁর খুব কষ্ট হচ্ছে! রাউল-রামোসদের যন্ত্রণার এই ক্ষতে এবার প্রলেপ পড়েছে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে গত মঙ্গলবার বার্সেলোনাকে পিএসজি হারিয়েছে ৪-০ গোলে। পরের দিন নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। রামোসের আনন্দ তাই দ্বিগুণ। বার্সার এমন হারে খুশি হয়েছেন কি না—প্রশ্নটি শুনে আনন্দে যেন নেচে উঠলেন রিয়ালের অধিনায়ক, ‘বলব না যে আমি খুশি নই। বন্ধুদের কষ্ট দেখতে পছন্দ করি না আমি। কিন্তু অবশ্যই আমি বার্সেলোনার জয় পছন্দ করি না।’ ফোরফোরটু।
অনুপ্রেরণা
বার্নাব্যুর মতো বড় স্টেডিয়ামে বিরুদ্ধ পরিবেশে রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলা মোটেই সহজ নয়। নাপোলিকে পরশু সে কাজটা করতে হয়েছে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে ‘লস ব্লাঙ্কো’দের মুখোমুখি হয়েছে ইতালিয়ান ক্লাবটি। অনুপ্রেরণার অবশ্য অভাব ছিল না। গ্যালারিতে বসে নাপোলিকে সমর্থন দিতে হাজির হয়েছিলেন স্বয়ং ডিয়েগো ম্যারাডোনা। এমনকি ম্যাচ শুরুর আগে নেপলসের ক্লাবটির ড্রেসিংরুমেও এসেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি। উত্তরসূরিদের উৎসাহ দিয়েছেন, ভালো খেলতে অনুপ্রেরণা জুগিয়েছেন। সে অনুপ্রেরণাতেই কিনা মাত্র ৮ মিনিটেই ৪০ গজ দূর থেকে গোল করে বসলেন লরেঞ্জো ইনসিনিয়ে। প্রথমার্ধটাও সমতায় শেষ হয়েছিল, কিন্তু দ্বিতীয়ার্ধেই ম্যাচ নিজেদের দখলে নিয়েছে রিয়াল। কে জানে বিরতিতেও যদি ম্যারাডোনার অনুপ্রেরণা জুটত, ফলটা উল্টেও যেতে পারত! মার্কা।