অন্যকলাম
জয় বাংলা কাপ
ক্রীড়া প্রতিবেদক সিরিজের টাইটেল স্পনসর স্বত্ব কিনেছেন তিনি। আর সেই সিরিজ কিনা শুরু হচ্ছে ৭ মার্চ! বিদ্যুৎ-চমকের মতো চিন্তাটা খেলে গেল অ্যাডটাচের প্রধান নির্বাহী নেওয়াজ সোহাগের মাথায়। ৭ মার্চ যে সিরিজের শুরু, সেটির নাম ‘জয় বাংলা কাপ’ কেন নয়? শ্রীলঙ্কা ক্রিকেটের কাছ থেকে সিরিজের স্বত্ব কেনা বাংলাদেশি প্রতিষ্ঠান অ্যাডটাচ তাই শুধু টেলিভিশন আর বিজ্ঞাপন স্বত্বই বিক্রি করল, টাইটেল স্পনসর স্বত্ব রেখে দিল নিজেদের কাছে। উদ্দেশ্য, ৭ মার্চকে স্মরণ করে সিরিজের নাম ‘জয় বাংলা কাপ’ দেওয়া। ‘৭ মার্চ বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটি দিন। আমার একটা আবেগও। সে জন্যই বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টাইটেল স্পনসর স্বত্ব বিক্রি না করে আমি এর নাম দিয়েছি জয় বাংলা কাপ’—বললেন সোহাগ।
কারণ ক্রিকেটীয়
টেনিসটা ভালোই খেলতেন অ্যাশলেই বার্টি। না হলে, ২০১১ সালে উইম্বলডন জুনিয়র চ্যাম্পিয়ন হয়েছিলেন কীভাবে! ১৮তম জন্মদিনের আগেই প্রায় ১০ লাখ ডলার আয় করে ফেলা সেই অস্ট্রেলীয় তরুণী ২০১৪ সালে সবাইকে চমকে দিয়েছিলেন। টেনিস ছেড়ে যোগ দিয়েছিলেন ক্রিকেটে। সেখানেও খারাপ করেননি, নাম উঠিয়েছিলেন কুইন্সল্যান্ডের রাজ্য দলের কেন্দ্রীয় চুক্তিতে। সেই বার্টি আবার সংবাদ শিরোনাম হলেন কাল—এবার মালয়েশিয়ায় ডব্লুটিএ টুর্নামেন্ট জিতে। টেনিসে যে বিরাগ জন্মেছিল, ক্রিকেট খেলতে গিয়েই নাকি তা দূর হয়েছে বার্টির। তবে ক্রিকেটপ্রেমে মজে আছেন এখনো, অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজের খবর নিয়মিতই রেখেছেন মালয়েশিয়া থেকে। অস্ট্রেলিয়া যে ভালো খেলছে তাতে বেজায় খুশি বার্টি। রয়টার্স।