অন্যকলাম
সারকোজির ভুল
নিকোলাস সারকোজির দোষ কী? ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টের চিন্তাভাবনা তো অন্য অনেকের মতোই ছিল। তবে ভাবার পর যা করেছেন, তা-ই জন্ম দিয়েছে আলোচনার। গত বুধবারের বার্সেলোনা-পিএসজি ম্যাচের ঘটনা এটি। এডিনসন কাভানি যখন পিএসজিকে ‘অ্যাওয়ে’ গোল এনে দিলেন, তখন অনেকেই নিশ্চিত হয়ে গিয়েছিলেন, বার্সা নয়, পিএসজিই যাচ্ছে শেষ আটে। ন্যু ক্যাম্পে বসে ম্যাচটি দেখতে থাকা সারকোজিও তেমনই ভেবেছিলেন। কিন্তু ঝামেলা বাধল তাঁর উদ্যাপন নিয়ে। কাভানির গোলটির পর গ্যালারির একটি অংশের দিকে তাকিয়ে ‘আলা মাদ্রিদ’ (এগিয়ে যাও মাদ্রিদ) বলে উল্লাস শুরু করলেন সারকোজি! অন্য পাশে দর্শকেরাও নিশ্চয়ই ভদ্রভাবে তাতে সাড়া দেননি। এমনই অবস্থা, পরে সিট থেকেই সরিয়ে নেওয়া হয় সারকোজিকে। মার্কা।
হ্যাজার্ডের মজা
শিগগিরই বাড়ি বদল করতে যাচ্ছেন এডেন হ্যাজার্ড। তাঁর যে এ ছাড়া আর উপায় নেই। এত এত পুরস্কার পাচ্ছেন। রাখবেন কোথায়? ছোট্ট বাড়িতে যে আর জায়গাই হচ্ছে না! সর্বশেষ প্রিমিয়ার লিগের মাসের সেরা গোলের পুরস্কার জিতেছেন চেলসির এই ফরোয়ার্ড। নিজেদের প্রান্তে বল পেয়ে প্রতিপক্ষের বেশ কয়েকজন খেলোয়াড়কে পেছনে ফেলে আর্সেনালের পিওতর চেকের জালে গোলটি করেছিলেন গত ৪ ফেব্রুয়ারি। এর আগে ২০১৪-১৫ মৌসুমের প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন। সেবার প্রফেশনাল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন আর ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেছিলেন। এসব পুরস্কারের কিছু নাকি বেলজিয়ামে বাবার বাড়িতে রেখেছেন। কিছু রেখেছেন অন্য কারও কাছে। এবারের পুরস্কারটি পেয়ে চেলসি টিভিকে নতুন বাড়িতে ওঠার কথা বললেন হ্যাজার্ড। সঙ্গে অবশ্য পাদটীকা দিয়েছেন—এটা নিছক মজা! ফোরফোরটু।