অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাকে গুঁতো
‘নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ’ প্রবাদটা অনেক শুনেছেন। এবার উল্টোটাও শুনুন, পরের নাকে গুঁতো দিয়ে নিজের বিপদ ডেকে আনা! এর বাস্তব উদাহরণ—দ্রিস মের্টেনস। প্রতিপক্ষ ডিফেন্ডারের নাকে গুঁতো দিয়েই যে হলুদ কার্ড দেখেছেন বেলজিয়ান ফরোয়ার্ড। পরশু বিশ্বকাপ বাছাইপর্বে গ্রিসের সঙ্গে খেলছিল বেলজিয়াম। কস্তাস মিত্রোগলুর গোলে প্রথমে এগিয়ে যায় গ্রিস। ঘরের মাঠে পিছিয়ে পড়া সম্ভবত মানতে পারছিলেন না মের্টেনস। মৌসুমে নাপোলির হয়ে দুর্দান্ত খেলা ফরোয়ার্ড এদিন নিজেও ভালো খেলছিলেন না। হতাশা কাটাতেই হয়তো, ‘চিত্ত বিনোদনে’র এই উপায়টা মাথায় এল মের্টেনসের—গ্রিক ডিফেন্ডার গিওর্গিওস জাভেলাসের নাকে দিলেন গুঁতো। একবার নয়, দুবার! কিন্তু ‘বেরসিক’ রেফারি দিলেন হলুদ কার্ড। পরে অবশ্য মের্টেনসের পাসেই গোল করে বেলজিয়ামকে ড্র এনে দেন রোমেলু লুকাকু। মেট্রো।
ইমরানই নেই!
এ যেন ডেনমার্কের রাজপুত্রকে ছাড়া হ্যামলেট! পরশু ছিল পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয়ের ২৫ বছর পূর্তি। এ উপলক্ষে একটি ভিডিও চিত্র বানিয়েছে পিসিবি। তাতে ওই বিশ্বকাপে খেলা খেলোয়াড় ও পিসিবি কর্মকর্তারা কথা বলেছেন। তা ভিডিওটিতে সবার আগে কাকে দেখার আশা করবেন? নিশ্চয়ই ইমরান খান! ১৯৯২ বিশ্বকাপ ও এর আগে-পরে যাঁর অনুপ্রেরণাদায়ী অধিনায়কত্ব পাকিস্তানের ক্রিকেট ইতিহাসেরই অংশ। চমকটা এখানেই, ভিডিওতে ইমরানকেই রাখা হয়নি! নেই জাভেদ মিয়াঁদাদ ও আমির সোহেলও। এ নিয়ে চারদিকেই সমালোচনা হচ্ছে, খেপেছেন সোহেলও। ব্যাপারটাতে রাজনীতির গন্ধও পাচ্ছেন সাবেক ওপেনার, ‘সব কর্মকর্তাই সরকারি দল পিএমএল-এনের নিয়োগ দেওয়া। আর ইমরান খান বিরোধী দলের (তেহরিক-ই-ইনসাফ) প্রধান। কর্মকর্তারা সরকারি দলের বিরুদ্ধে যাবেন কীভাবে?’ নেশনডটকমডটপিকে।