অন্যকলাম
কিসের টানে!ম্যানচেস্টারের এক স্কুলের সামনে হঠাৎ এসে দাঁড়াল একটা দামি বেন্টলি গাড়ি। স্কুলের সবার তো খুশি আর ধরে না! দাওয়াত ছাড়াই নিজে থেকেই এসেছেন ম্যানচেস্টার সিটির উঠতি তারকা মারিও বালোতেল্লি। কিন্তু তাঁর আগমনের হেতু কী? বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় দেওয়া? সাগ্রহে অটোগ্রাফ বিলানো? খানিক পরেই পরিষ্কার হলো কারণ। যখন ত্রস্তব্যস্ত বালোতেল্লি জানতে চাইলেন, টয়লেটটা কোন দিকে! বোঝা গেল, আসলে স্কুলের শিশুদের টানে নয়, পথিমধ্যে প্রকৃতি ডাক দিয়েছিল বলেই সাড়া দিতে ছুটে আসতে হয়েছে তাঁকে! রয়টার্স।বিবাহসংক্রান্তপ্রসঙ্গটা যখন ‘বিয়ে’, এ নিয়ে বরিস বেকার ঝামেলাতে তো পড়বেনই। এ পর্যন্ত যে কয়টি বিয়ে করেছেন, সবগুলো নিয়ে ঝামেলা হয়েছে। তবে এই নতুন ঝামেলার মধ্যে একটা বৈচিত্র্য আছে। সুইজারল্যান্ডের একটি আদালত নির্দেশ দিয়েছেন, বেকারকে তিন হাজার ৪০০ সুইস ফ্রাঁ দিতে হবে তাঁর বিয়ে পড়ানো পাদ্রিকে। ২০০৯ সালে শার্লি কারসেনবার্গকে বিয়ে করার সময় পাদ্রি নয় হাজার ৬০০ ফ্রাঁ দাবি করলে সেটি দিতে অস্বীকার করেন বেকার। এ নিয়ে মামলা আদালতে গড়ায়। সেটিরই রায় হলো এত দিনে, যাতে হারলেন বেকার। এএফপি।মুক্তির দিনতা হলে সত্যি সত্যিই আগাম মুক্তি পাচ্ছেন মোহাম্মদ আমির! এখন তো শোনা যাচ্ছে, পাকিস্তানের এই কারাবন্দী পেসারের মুক্তির দিনক্ষণও ঠিক হয়ে গেছে। ৯ ফেব্রুয়ারি তাঁকে ছেড়ে দেওয়া হবে জেল থেকে। অর্থাৎ, ছয় মাসের জেলের শাস্তির ঠিক অর্ধেক ভোগ করেই মুক্তি পেতে যাচ্ছেন তিনি। তবে মুক্তির সঙ্গে সঙ্গেই দেশে ফিরতে পারবেন না। আনুষ্ঠানিকতা সারতে লন্ডনে আরও দু-তিন সপ্তাহ থাকতে হবে। এরপর দেশে ফেরার জন্য কোথাও বাধা তো থাকবেই না, আমিরের ওপর যুক্তরাজ্য ভ্রমণেও কোনো বিধিনিষেধ আরোপ করা হবে না। সবই সুখবর। তবে আসল সুখবর হবে এটাই, যদি নিজের অতীত থেকে শিক্ষা নিয়ে আর কোনো দিন কলঙ্কিত পথে আমির পা না বাড়ান। ওয়েবসাইট।