অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক পায়ে হলেও
চোট তাঁকে ছিটকে দিয়েছে মাঠ থেকে। এ মৌসুমে আর ফেরা হবে না ইব্রাহিমোভিচের। সত্যি বলতে, এ বছরই আর ফিরতে পারেন কি না, সংশয় আছে। অনেকেই তাই শেষ দেখে ফেলেছেন ৩৫ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকারের। কিন্তু তিনি যে ইব্রা! এত সহজে যদি হার মানতেন, তাহলে তো হতোই! ইনস্টাগ্রামে লিখেছেন, ‘একটা কথা মনে রাখবেন, ইব্রা কখন থামবে, সেটা শুধু ইব্রাই ঠিক করবে। আমি আগেও এক পায়ে খেলেছি। সুতরাং, আবার খেলতে সমস্যা হবে না। দেখা হবে খুব শিগগির।’ বোঝাই যাচ্ছে, সহজে হাল ছাড়ছেন না সুইডিশ স্ট্রাইকার। এমন যাঁর মানসিকতা, চোট তাঁকে কত দিন বাইরে রাখতে পারবে! এএফপি।
তোরের রাগ
রেফারির ওপর ভীষণ বীতশ্রদ্ধ ইয়াইয়া তোরে। এতটাই যে, সুযোগ হলে রেফারি ছাড়াই খেলতেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার! পরশু এফএ কাপের সেমিফাইনালে আর্সেনালের বিপক্ষে রেফারির কিছু সিদ্ধান্তই তোরেকে ক্ষুব্ধ করে তুলেছে। রেফারির কারণে নিশ্চিত একটি পেনাল্টি থেকে তাঁর দল বঞ্চিত হয়েছে বলে মনে করেন তিনি। সার্জিও আগুয়েরোর গোলটিও বাতিল হয়েছে বিতর্কিত এক সিদ্ধান্তে। দুটি সিদ্ধান্ত সিটির পক্ষে গেলে কি আর ১-২ গোলে আর্সেনালের কাছে হারে সিটি! হারের এই স্মৃতি ভুলে তোরের দৃষ্টি এবার ম্যানচেস্টার ডার্বিতে। আগামী বৃহস্পতিবারের সেই ম্যাচ নিয়ে কথা বলেছেন, তার মধ্যেও আইভরিয়ান এই ফুটবলার টেনে আনলেন রেফারি প্রসঙ্গ, ‘ওই দিন ভালো রেফারি পেতে পারি আমরা, অথবা রেফারি ছাড়াই খেলতে পারি। দ্বিতীয়টিই আমার পছন্দ।’ এএফপি।