অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাপার ফুটবলার

ক্লাব মৌসুম শেষে বছরের এই সময়টাই ফুটবলারদের জন্য আরাম-আয়েশের। তবে মেম্ফিস ডিপাই ও কুইন্সি প্রোমেসের সম্ভবত কাজহীন বসে থাকতে ভালো লাগছিল না। ক্যালিফোর্নিয়ায় ছুটি কাটাতে গিয়ে ডাচ দুই উইঙ্গার অলস সময়টা কাজে লাগিয়ে একটা র‍্যাপ গানই বানিয়ে ফেললেন। ‘এলএ ভাইবস ফ্রিস্টাইল ১.০’ নামের গানটা পরশু ছেড়ে দিয়েছেন ইউটিউবে। কাল পর্যন্ত যাতে প্রায় ৮৫ হাজার ‘হিট’ও পড়েছে! গলায় সোনার চেইন, চোখে সানগ্লাস...মেম্ফিস ও প্রোমেসকে দেখাচ্ছিলও পুরোদস্তুর র‍্যাপারের মতো। তবে গানের গলা নিয়ে চাইলে প্রশ্ন তুলতেই পারেন। গানের কথাও চটকদার, দু-একটি লাইন বাংলা করলে দাঁড়ায় এমন, ‘কয়েকটি শিরোপা জিতেছি, তবে এখনো সন্তুষ্ট নই, কারণ সবে শুরু’, ‘তোমরা আমাকে কোনোভাবেই পছন্দ করো না, তবে আমিও তাতে পরোয়া করি না’...!
ডেইলি মেইল।

বুমরার উষ্মা

জসপ্রিত বুমরার এক নো বলের মূল্য ভারত দিয়েছে চ্যাম্পিয়নস ট্রফি হেরে। ভারতের আপামর ক্রিকেটামোদী অন্তত তা-ই মনে করে। কিন্তু তাঁর ওই নো বলের ছবিটা কাজে লাগিয়ে ট্রাফিক আইনের ব্যাপারে গণসচেতনতা বাড়াতে প্রচারে নেমেছে জয়পুর পুলিশ। বুমরার কাছে বিষয়টি ভালো লাগেনি। ২৩ বছর বয়সী ভারতীয় পেসার টুইট করে তাই জয়পুর পুলিশের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন, ‘ভালো করেছে জয়পুর পুলিশ। তারা বুঝিয়েছে, দেশের হয়ে সেরাটা দেওয়ার পর আপনি কতটা সম্মান পাবেন!’ আরেকটি টুইটে বুমরা লিখেছেন, ‘চিন্তার কারণ নেই। আপনারা নিজেদের কর্মস্থলে যেসব ভুল করেন, সেটি নিয়ে মজা করব না। আমি মনে করি, মানুষমাত্রই ভুল করে।’ জবাবে জয়পুর পুলিশ বুমরার কাছে ক্ষমা চেয়ে জানিয়েছে, তাঁকে অপমান করা তাদের উদ্দেশ্য ছিল না। আইএএনএস।