অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি দর্শকক্রীড়া প্রতিবেদক  ছিনতাইকারীর হাতে খুইয়েছেন পাসপোর্ট, ক্রেডিট কার্ডসহ প্রয়োজনীয় জিনিসপত্র। হতাশ ফরাসি পর্যটক রেমন্ড ভুল্লো দুঃখটা ভুলতে চলে এলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ভিআইপি গ্যালারিতে বসে পেশাদার লিগের দ্বিতীয় স্তরে উত্তর বারিধারা-বিয়ানীবাজার ম্যাচটি দেখলেন কাল অলিম্পিক মার্শেইয়ের পাঁড় সমর্থক। সর্বস্ব খুইয়ে ভাঙা মনে কেন ফুটবল দেখতে আসা? ‘মন খারাপ হলেই আমি ফুটবল ম্যাচ দেখি। এ জন্যই পাশে স্টেডিয়াম দেখে ঢুকে পড়লাম’—ভুল্লোর উত্তর। এই বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলে গেছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান, তথ্যটা জেনে ভুল্লো তো অবাক, ‘তাই নাকি!’ ছিনতাইকারীর কবলে পড়েছেন বলে বাংলাদেশকে অবশ্য শাপশাপান্ত করেননি এই ফরাসি পর্যটক, ‘প্যারিসে, লন্ডনে, নিউইয়র্কেও এসব হয়।’ থ্রি স্টুজেসঠিক যেন ‘থ্রি স্টুজেসে’র কোনো দৃশ্য। তবে পরশু সান সিরোতে মো, কার্লি ও ল্যারি ছিলেন না। থাকবেন কীভাবে? তাঁরা তো সেই কবেই পৃথিবীর মায়া কাটিয়েছেন। তাঁদের শূন্যস্থান পূরণ করেছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ, আন্তোনিও নোসেরিনো ও সালভাতোর আরোনিকা। এসি মিলান-নাপোলির ম্যাচটি তখন পেরিয়েছে ঘণ্টার কাঁটা। কিছু একটা নিয়ে মিলানের নোসেরিনোর সঙ্গে তর্ক করছিলেন নাপোলির আরোনিকা। হঠাৎই নোসেরিনোর পেছন থেকে আরোনিকার গালে চড় বসিয়ে দিলেন ইব্রা। হতভম্ব আরোনিকা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাল্টা চড় মারলেন। তবে ইব্রাকে নয়, মারলেন নোসেরিনোর গালে! এ ঘটনায় ইব্রা লাল কার্ড দেখেছেন, নিষিদ্ধ হয়েছেন তিন ম্যাচ। তবে রেফারির চোখে ধুলো দিতে পেরেছেন আরোনিকা। এএফপি।জন্মদিনেজন্মদিনটাকে স্মরণীয় করে রাখতে যা করার করেছিলেন নেইমার। নিজের ২০তম জন্মদিনেই পেলেন ক্যারিয়ারের শততম গোলটি। পরশু সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপে পালমেইরাসের বিপক্ষে ৭৩ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের গোলেই এগিয়ে গিয়েছিল সান্তোস। এটিই ম্যাচের জয়সূচক গোল হয়ে যাবে বলে মনে হচ্ছিল। জয় দিয়ে জন্মদিন উদ্যাপন করতে বাকি আর তিন মিনিট, তখনই লাল কার্ড পেলেন নেইমারের সতীর্থ ইবসন। ম্যাচের মোড়ও গেল ঘুরে। দুই গোল খেয়ে উল্টো হেরেই গেল সান্তোস। ম্লান হয়ে গেল নেইমারের জন্মদিনের উৎসব। ওয়েবসাইট।