অন্যকলাম
আবার মুমিনুল
অধিনায়ক হিসেবে সবার আগে মুশফিকুর রহিমের নাম। পরের নামগুলো সাজানো হয়েছে মোটামুটি ব্যাটিং অর্ডার মেনেই। তামিম ইকবাল শুধু সহ-অধিনায়ক হিসেবে নন, ওপেনার হিসেবেও দুইয়ে থাকতে পারেন। তিনে সৌম্য সরকার, চারে ইমরুল...সাত ব্যাটসম্যানের পর দুই স্পিনার। পরে পাঁচ পেসার। কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে টেস্ট দল ঘোষণা করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, তাতে মুমিনুল হকের নামটা সবার শেষে। একজন টপ অর্ডার ব্যাটসম্যানের নাম কেন সবার শেষে? ‘নেব কি নেব না’—এই দ্বিধায়ই মুমিনুলকে সবার শেষে রাখা? একগাল হাসলেন মিনহাজুল, ‘না, এ চিন্তা থেকে নয়। এটা তো আর আমার হাতের লেখা না!’ প্রশ্নটা কেন হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে মুমিনুলকে রাখা না-রাখা নিয়ে
প্রধান নির্বাচকের ওপরটা যে বড় ঝড়ই গেছে!
শিশুসুলভ
কখনো সাদা, কখনো কালো। সাদা-কালো রঙের মাঝে আবার কত রকমের স্টাইল। পল পগবার চুলের ছাঁটের কথা বলা হচ্ছে। হঠাৎ করে পগবার চুল নিয়ে কথা বলার কারণ আছে। স্টোক সিটির সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের ২-২ গোলে ড্র করা ম্যাচে চুলের নতুন স্টাইল নিয়ে খেলেছেন ফরাসি এই তারকা। এবার তাঁর চুলে ছিল লাল রং। ইউনাইটেড মিডফিল্ডারের চুলের নিত্যনতুন স্টাইল করার বিষয়টি ভালো লাগছে না ফুটবল-পণ্ডিত গার্থ ক্রুকসের। চুল নিয়ে ভেবে এত সময় নষ্ট না করে পগবার সেরা হওয়ার দিকে মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। এখানেই থামেননি ক্রুকস। পগবাকে রীতিমতো ধুয়ে দিয়েছেন টটেনহাম ও ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড, ‘সে এখনো শিশুর মতো আচরণ করছে।’ মেইল অনলাইন।
ক্রিকেটকে টেক্কা!
ক্রিকেট, ক্রিকেট আর ক্রিকেট। অস্ট্রেলিয়ার মানুষ গ্রীষ্মে ক্রিকেট-পাগল। অথচ একটা সময়ে এমন ছিল না। অস্ট্রেলিয়ান রুলস ফুটবল, রাগবি থাকত সবার ওপরে। তুমুল জনপ্রিয় ছিল বাস্কেটবলও। কিন্তু সেই সময় এখন আর নেই। তবে বাস্কেটবলে নতুন করে প্রাণ সঞ্চার করার ব্রত নিয়ে নামছে অস্ট্রেলিয়ার বাস্কেটবল লিগ (এনবিএল) কর্তৃপক্ষ। এনবিএলের মালিক ল্যারি কেস্টেলম্যান অস্ট্রেলিয়ার বাস্কেটবল লিগকে বলছেন ‘ঘুমন্ত দৈত্য’। তাঁর আশা ঘুমন্ত দৈত্য এবার জেগে উঠবে। জনপ্রিয়তায় টেক্কা দেবে ক্রিকেটকে। আর এ ক্ষেত্রে তিনি পুঁজি করতে চান যুক্তরাষ্ট্রের বাস্কেটবল লিগে খেলা অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড়দের। আগামী
বছর শুরু হবে এনবিএলের ৪০তম আসর। আর সেটা খুব জাঁকালো হবে বলেই আশা করছেন কেস্টেলম্যান। এএফপি।