অন্যকলাম
ক্যাপেলো রাশিয়ায়!কাজের লোকের কাজের অভাব হয় না। ফ্যাবিও ক্যাপেলোরও চাকরির অভাব হবে না। কিন্তু এ জন্য ইতালিয়ান কোচ হাঁটছেন স্ববিরোধী পথে। ইংল্যান্ড দলের চাকরি ছেড়ে ইতালির কোনো ক্লাবের দায়িত্ব নেওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে ক্যাপেলো বলেছিলেন, ‘এখন আমি শুধু বিশ্রাম নিতে চাই।’ সেই ক্যাপেলোই এখন রাশিয়ায়! স্পোর্ত এক্সপ্রেস-এর খবর, আনঝি মাখাচকালার সঙ্গে কথা বলতেই ক্যাপেলো মস্কোতে। হোসে মরিনহোর দুয়ার থেকে হতাশ হয়ে ফেরা আনঝি অনেক আগেই জানিয়েছিল, ক্যাপেলোর ওপরও তাদের চোখ আছে। দুইয়ে দুইয়ে চার মেলাতেই পারেন। নিন্দুকদের মুখ তো এরই মধ্যে সরব, বড় প্রস্তাব পেয়েই ইংল্যান্ডের চাকরি ছেড়েছেন ক্যাপেলো! এএফপি।মরিনহো বিরক্তবিরক্ত হোসে মরিনহো। কার ওপর? কোনো ব্যক্তিবিশেষের ওপরে নয়, রিয়াল মাদ্রিদ কোচ বিরক্ত তাঁরই ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমে চলা গুঞ্জনের কারণে। কিছুদিন ধরেই গুঞ্জন, গ্রীষ্মেই রিয়াল ছাড়বেন মরিনহো। আসলেই মাদ্রিদ ছাড়ার পরিকল্পনা তাঁর আছে কি না, এমন প্রশ্নে বিরক্ত মরিনহোর জবাব, ‘আমি মনে করি, আপনারাই এর উত্তরটা ভালো জানেন। বিরক্তিকর এই গল্পটা আমি বানাইনি। আপনারা বরং আপনাদের সূত্রকে জিজ্ঞেস করুন, যে সূত্রের নাম থাকে অপ্রকাশিত, আমার কাছে অবশ্য তা কাল্পনিকই।’ সাংবাদিকেরা পাল্টা প্রশ্ন করবেন? ‘আমার আর কিছু বলার নেই’ বলে সেই সুযোগই দেননি মরিনহো। ওয়েবসাইট।প্রধানমন্ত্রীর উদ্যোগদেশের সবকিছুই তাঁর নখদর্পণে রাখতে হয়। ইদানীং ফুটবলে যে বর্ণবাদ বিতর্ক চলছে, সেটাও ভালো করেই জানেন। বিষয়টি নিয়ে আরও জলঘোলা হওয়ার আগেই একটা সমাধান খুঁজছেন ডেভিড ক্যামেরন। ফুটবলে বর্ণবাদ বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে একটা গোলটেবিল বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ‘ইদানীং যা ঘটছে তাতে আমাদের অনেকেই উদ্বিগ্ন। আমার বার্তা পরিষ্কার। ব্রিটেনে আমরা কোনো অবস্থাতেই বর্ণবাদ সহ্য করব না। আমাদের সমাজে এর কোনো স্থান নেই। আর যেখানে যেখানে এখনো বর্ণবাদ আছে, সেটা সমূলে উৎখাত করা হবে’—বলেছেন ক্যামেরন। ওয়েবসাইট।