অন্যকলাম
আজব ম্যাচগত পরশু আজব এক ম্যাচ হলো ফরাসি লিগে। ম্যাচের আধা ঘণ্টা বাকি, লিলের বিপক্ষে বোর্দো এগিয়ে ৪-১ গোলে। ‘এই ম্যাচ আর কী দেখব’ ভেবে যদি কেউ গ্যালারি ছেড়ে গিয়ে থাকেন, পরে তাঁর আফসোসের সীমা থাকেনি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্কোরলাইন ৪-৪! একটা পয়েন্ট উদ্ধার করা গেছে ভেবে লিল মহাখুশি। কিন্তু সেখানেই নাটকের শেষ নয়। বাড়তি সময়ের তৃতীয় মিনিটে জয়সূচক গোল করে বসলেন বোর্দোর পোলিশ স্ট্রাইকার লুডোভিচ ওব্রানিয়াক। নাটকীয়তাকে বাড়তি মাত্রা দেবে এই তথ্যটা—গত মাসেই লিল ছেড়ে বোর্দোতে এসেছেন ওব্রানিয়াক। ‘এমন কিছু হতে পারে, এত দিন সেটি শুধু আমি স্বপ্নেই ভেবেছি’—বিস্মিত তিনি নিজেও। এএফপি।পেপে-বয়ানগণমাধ্যমের আচরণে প্রচণ্ড হতাশ পেপে। বলেছেন, ‘গণমাধ্যম এমনভাবে আমাকে চিত্রিত করেছে যেন আমি খুনি।’ আগ্রাসী স্টাইলে খেলার কারণে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ডিফেন্ডারকে সমালোচনা সইতে হয় প্রতিনিয়তই। রিয়াল-বার্সার ম্যাচে তো কথাই নেই। সম্প্রতি কোপা ডেল রে-র ম্যাচে লিওনেল মেসির হাত পা দিয়ে মাড়িয়ে দেওয়ায় পেপেকে রীতিমতো ধুয়ে ফেলেছে গণমাধ্যম। ২৮ বছর বয়সী ডিফেন্ডারের উপলব্ধি, স্পেনের সাংবাদিকেরা তাঁর সঙ্গে একটু বেশিই নিষ্ঠুর ব্যবহার করছে। ‘রিয়াল মাদ্রিদের একজন হয়ে থাকাটাই আমার জন্য গুরুত্বপূর্ণ। যখন রাস্তায় বের হই, প্রচুর লোক এখনো আমাকে সেভাবেই দেখে’—ক্যানাল প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন পেপে। ওয়েবসাইট।