অন্যকলাম
মেসির জার্সিম্যাচে খেলোয়াড়দের জার্সি-বদল হলো সৌহার্দ্যের প্রতীক। অনেকেই আবার তারকা খেলোয়াড়দের জার্সি রাখেন স্মারক হিসেবে। কিন্তু চ্যাম্পিয়নস লিগে সেদিন লেভারকুসেনের দুই খেলোয়াড় করলেন অদ্ভুত কাণ্ড। প্রথমার্ধ শেষে মেসির সঙ্গে জার্সি বদলান ডিফেন্ডার মিকাল কাদলেচ। কিন্তু ড্রেসিংরুমে সতীর্থ ম্যানুয়েল ফ্রেডেরিক তাঁর কাছ থেকে মেসির জার্সি কেড়ে নেন। এ নিয়ে ঝগড়া! ম্যাচ শেষে মেসি কাদলেচকে আরেকটি জার্সি দিয়ে বিষয়টি মিটমাট করেন। কিন্তু খেলা শেষ হওয়ার আগেই প্রতিপক্ষের, তা তিনি যত বড় তারকাই হোন না কেন, জার্সি নিয়ে এমন আদিখ্যেতা! লেভারকুসেন কর্তৃপক্ষ মেসির দুটো জার্সিই কেড়ে নিয়ে তুলতে যাচ্ছে নিলামে। এএফপি।বাবা-ছেলেএকেই বুঝি বলে ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ।’ দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যে শ্রীলঙ্কা কোচের পদ থেকে ছাঁটাই করা হয়েছে জিওফ মার্শকে। দেশে ফিরে এ নিয়ে বিস্ময় ও ক্ষোভের কথা জানিয়েছেন মার্শ। বাবার জন্য শন মার্শের নিশ্চয়ই খারাপ লাগছে, আরেক দিক থেকে ভীষণ খুশিও। নিজের দুঃসময়ে যে পাওয়া যাচ্ছে বাবাকে! বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৬ ইনিংসে মাত্র ১৭ রান করার পর ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন শন। তাঁর শক্তি-দুর্বলতা-সমস্যাগুলো সম্পর্কে সবচেয়ে ভালো জানেন যিনি, সেই বাবা ফিরেছেন ঘরে। নিজের ব্যাটিং নিয়ে তাই নিবিড়ভাবে কাজ করছেন বাবার সঙ্গে। ওয়েবসাইট।ম্যারাডোনা-মধুআরব আমিরাতেও একটা লিগ হয়, এবং সেই লিগের খবর ছাপা হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে! কারণ? ডিয়েগো ম্যারাডোনা! ম্যারাডোনা আল ওয়াসলের কোচ হয়ে গেছেন বলেই মানের দিক দিয়ে ইউরোপের চেয়ে অযুত-নিযুত ক্রোশ পিছিয়ে থাকা একটা লিগেরও প্রচারমূল্য আছে। নিন্দুকেরা এমনও বলেন, স্রেফ প্রচারের জন্যই লোভনীয় বেতনে ম্যারাডোনাকে কোচ করে আনা হয়েছে। মাঠের ফল কী হলো, সেটার তোয়াক্কাই করে না ওয়াসলের মালিক। দুটো খবর সেই গুঞ্জনকে আরও উসকে দিল। কোচ ছাঁটাই আরব শেখদের বিলাসিতা হলেও ম্যারাডোনা পেয়েছেন পূর্ণ সমর্থন। উপরন্তু সাইল বেলহাসার সঙ্গে স্পনসর চুক্তিও হয়েছে ম্যারাডোনার। ওয়েবসাইট।