অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিয়ানো–প্রতিভা

দুর্দান্ত সব গোল, প্রতিপক্ষের রক্ষণ চিরে দুভাগ করে ফেলা চোখ-ধাঁধানো পাস কিংবা ডিফেন্ডারদের এড়িয়ে সাপের মতো বল পায়ে এঁকেবেঁকে চলা...১৩ বছর ধরে এই লিওনেল মেসিকে আপনি চেনেন। কিন্তু বার্সেলোনার আর্জেন্টাইন তারকা যে পিয়ানোও ভালো বাজাতে পারেন, তা কে জানত! গতকালই শুরু হয়ে যাওয়া নতুন চ্যাম্পিয়নস লিগ মৌসুম উপলক্ষে বিজ্ঞাপন তৈরি করেছে অ্যাডিডাস। জুভেন্টাসের বিপক্ষে কাল নিজেদের প্রথম ম্যাচ খেলেছে মেসির বার্সেলোনা। কেমন করেছে, তা এতক্ষণে হয়তো জেনে গেছেন। তবে ব্যক্তিগতভাবে মেসি আগেই চ্যাম্পিয়নস লিগকে স্বাগত জানিয়েছেন ওই বিজ্ঞাপনে। টুর্নামেন্টটির আবহসংগীতের সুর পিয়ানোতে তুলে। নিখুঁত সুর, পিয়ানোতে আঙুলের নাচন দেখে অবশ্য বোঝার উপায় নেই, সেটি শুধুই বিজ্ঞাপনের খাতিরে আঙুল নাচানো, নাকি পিয়ানো আসলেই ভালো বাজান মেসি! ফোরফোরটু।

শারাপোভার জবাব

চটজলদি শাণিত জবাব দিতে ভালোই পারেন মারিয়া শারাপোভা! কোর্টে রাফায়েল নাদালের একটা বিষয় নিয়ে সমালোচনা করতে গিয়ে এক টুইটার ব্যবহারকারী টেনে এনেছেন এই রুশ টেনিস তারকাকে। সহজ-সাবলীল ভাষায় শারাপোভা কড়া জবাব দিয়েছেন বার্নিবলডউইন নামের ওই টুইটার ব্যবহারকারীকে। নাদাল ইউএস ওপেন জয়ের পর তিনি টুইট করেছিলেন, ‘সবাই কোর্টে @মারিয়াশারাপোভার শব্দ করার কথা বলে। কিন্তু @রাফায়েলনাদাল একই রকম বিরক্তিকর শব্দ করে।’ এর জবাব শারাপোভা টুইটারেই দিয়েছেন, ‘লোকটা মাত্রই ষোড়শ গ্র্যান্ড স্লাম জিতল (!!!) আর আপনি টুইট করার জন্য বেছে নিলেন এই বিষয়টিকেই?’ বেচারা বার্নিবলডউইনের এরপর আর কী বলার থাকে! কিছু বলেনওনি। একেবারেই চুপ মেরে গেছেন। ডিএনএ ইন্ডিয়া।

সমুদ্রই নেই, সৈকত আসবে কোত্থেকে। ‘বিচ’ নেই, বালু নেই তো কী হয়েছে! এই না থাকাকে থোড়াই পাত্তা দিচ্ছে আফগানিস্তানের শিশুরা। অস্থায়ীভাবে তৈরি করা সৈকতে বিচ ফুটবল খেলছে তারা। গায়ে তাদের রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার জার্সি। কারও জার্সির পেছনে লেখা আছে রোনালদো। কারও পিঠে লেখা মেসি। আফগানিস্তানের এই ‘মেসি’ আর ‘রোনালদো’দের চোখে বড় স্বপ্নও আছে। একদিন তারা বিচ ফুটবলের সর্বোচ্চ আসরে নিজের দেশের প্রতিনিধিত্ব করবে। অথচ এদের অনেকেরই এখনো পর্যন্ত সমুদ্রসৈকত দেখারই সৌভাগ্য হয়নি। ১৪ বছর বয়সী মুদাসির ইউসুফজাই যেমন বলল, ‘এই প্রোগ্রামে অংশ নেওয়ার আগে বিচ ফুটবল সম্পর্কে কোনো ধারণাই ছিল না আমার। আমি কখনো সৈকতেই যাইনি। কিন্তু আমি খেলাটার প্রেমে পড়ে গেছি। তাই খেলতে ভালো লাগে।’ এএফপি।