অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাবিভ্রাট

ইংলিশ লিগ ওয়ানের মধ্যম সারির দল তারা। পাদপ্রদীপের আলো খুব একটা পড়ার কথা নয়। সেই লেটন ওরিয়েন্ট এফসির অফিসে পরশু ক্রমাগত বেজে যেতে থাকল সবগুলো ফোন, অনলাইন টিকিট চাহিদা এতটাই বেড়ে গেল, ওয়েবসাইটই ক্র্যাশ হওয়ার জোগাড়। ডেভিড বেকহামের বিদায়ী ম্যাচ বলে কথা! অবাক হবেন না, ছড়িয়েছিল এমন গুঞ্জনই। বেকহাম বিবৃতিতে বলেছেন, ক্যারিয়ারের ইতি টানবেন ফ্রেঞ্চ লিগ ওয়ানে এফসি লরিয়েন্টের (লরিয়াঁ) বিপক্ষে খেলে। ইংল্যান্ডে অনেকেই লরিয়েন্টকে শুনেছেন লিগ ওয়ানের দল ওরিয়েন্ট! বিরক্ত ওরিয়েন্ট কর্মকর্তারা টুইটার ও ক্লাব ওয়েবসাইটে বিবৃতি দিয়ে ফোনের যন্ত্রণা থেকে বেঁচেছেন। এএফপি।

পরিণতি

অতি লোভে তাঁতি নষ্ট। গুস পয়েতের ক্ষেত্রেও কি তাই ঘটল? ফার্গুসনের জায়গায় আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন এভারটনের কোচ ডেভিড ময়েস। এভারটনে ময়েসের শূন্যস্থানেই নাকি বসতেন তিনি। ইংল্যান্ডেরই চ্যাম্পিয়নশিপের দল ব্রাইটনের উরুগুইয়ান কোচের যোগাযোগ ছিল প্রিমিয়ার লিগের দল স্টোক সিটি ও এবং ফুলহামের সঙ্গেও। দারুণ সব সম্ভাবনা দেখে চেলসি ও টটেনহামের সাবেক খেলোয়াড় ব্রাইটনের খেলোয়াড়দের কাছে বলে বেড়াচ্ছিলেন—আগামী মৌসুমে তিনি হয়তো চলে যাবেন। মৌসুমের মাঝপথে একজন কোচ কী করে এমনটা বলতে পারেন! ফল, পয়েত ও তাঁর দুই সহকারীকে বহিষ্কার করেছে ব্রাইটন। পয়েতের ভবিষ্যৎটা আপাতত অন্ধকারে! এএফপি।

কনর্সের বাজি

বাজি হলেই রাজি! এই ছিলেন জিমি কনর্স। সাবেক টেনিস তারকা তাঁর সদ্যপ্রকাশিত আত্মজীবনী দি আউটসাইডার-এ বলেছেন, নিজের ভয়ংকর বাজির নেশার কথা। এমনকি একবার নিজের ওপরই বাজি ধরেছিলেন তিনি, সেটিও ছিল ১০ লাখ ডলারের! ১৯৯৩ সালে ‘ব্যাটল অব সেক্সেস’-এ তখনকার মেয়েদের সেরা তারকা মার্টিনা নাভ্রাতিলোভার মুখোমুখি হন। ম্যাচটি সরাসরি সেটে জিতবেন, এবং আটটির বেশি গেম হারবেন না—বাজি ধরেছিলেন কনর্স। কিন্তু প্রথমে পিছিয়ে পড়েছিলেন ১-৩ গেমে! শেষ পর্যন্ত অবশ্য ম্যাচ ও বাজি দুটোই জিতেছিলেন। ওয়েবসাইট।