অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখানেও জার্মানি

পুরুষদের ক্লাব ফুটবলে আজ কোনো একটি জার্মান ক্লাবকেই শ্রেষ্ঠত্বের মালা পরাবে ইউরোপ। দুই ফাইনালিস্টই তো জার্মানির। কিন্তু ইউরোপের ক্লাব ফুটবলটাই যেন জার্মান-শৌর্যের কথা বলছে। পুরুষদের আগেই জার্মানির একটি নারী ফুটবল দল জিতল ইউরোপীয় শিরোপা। পরশু ইউরোপিয়ান মেয়েদের চ্যাম্পিয়নস লিগ জিতেছে প্রথমবারের মতো ফাইনালে ওঠা জার্মানির ভলফ্সবুর্গ। ফাইনালে হারিয়েছে তারা দুই বছর ধরেই ছড়ি ঘুরিয়ে যাওয়া ফরাসিদের। ফাইনালের আগে ১২০ ম্যাচে অপরাজিত ফ্রান্সের লিওঁর বিপক্ষে ভলফ্সবুর্গের জয়টা ১-০ গোলে। রয়টার্স।

সেরেনাভীতি

শচীন টেন্ডুলকার ব্যাট হাতে তাড়া করে আসছেন, একসময় এই দুঃস্বপ্নটা নাকি প্রায়ই দেখতেন শেন ওয়ার্ন। মারিয়া শারাপোভার বাবা ও সাবেক কোচ ইউরি শারাপোভেরও হয়েছে সেই দশা। রুশ ভদ্রলোককে দুঃস্বপ্নটা উপহার দিচ্ছেন সেরেনা উইলিয়ামস। সেরেনার কাছেই যে বারবার বাজেভাবে হারছে মারিয়া। ব্যাপারটা এমনই দাঁড়িয়েছে, কোনো টুর্নামেন্টে সেরেনা থাকলে ইউরি ধরেই নেন তাঁর মেয়ে পারবে না। সঙ্গে প্রার্থনাও করেন, আগেই যেন সেরেনা কাটা পড়েন। ইউরির এই শঙ্কার কথা সবাইকে জানিয়েছেন শারাপোভার আরেক সাবেক কোচ মাইকেল জয়েস। ২০০৪ সালের পর সেরেনাকে আর হারাতে পারেননি শারাপোভা। ওয়েবসাইট।

অ্যাশেজে ফ্রেডি!

২০০৫ অ্যাশেজে ইংল্যান্ডের জয়ের নায়ক তিনি। চোটের কাছে হার না মানলে হয়তো খেলতেন আসছে অ্যাশেজেও। তবে অ্যাশেজ এবার ঠিকই খেলছেন অ্যান্ড্রু ফ্লিনটফ। সাবেক ইংলিশ অলরাউন্ডার খেলবেন সাবেকদের অ্যাশেজে! অ্যাশেজের আগে দুটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সাবেকেরা। ইংল্যান্ডের নেতৃত্ব দেবেন ফ্লিনটফ, দলে খেলবেন মার্ক রামপ্রকাশ, ডমিনিকি কর্ক, ডেভন ম্যালকম, ফিল ডিফ্রেটাসরা। অস্ট্রেলিয়ার অধিনায়ক জেসন গিলেস্পি। এ ছাড়া বার্টফ্রেড ‘বিগ ব্যাশ’ চ্যালেঞ্জ রাগবিতেও খেলবেন ফ্লিনটফ। ক্রিকেট থেকে অবসরের পর বক্সিং রিংয়ে নেমেছেন। এবার রাগবি। ক্রিকেট অলরাউন্ডারকে এখন ‘ক্রীড়া অলরাউন্ডার’ বলাও যায়! এএফপি।