অন্যকলাম
ঘুষিবোকা জুনিয়র্সের চোটের তালিকায় সর্বশেষ নাম লেখালেন সান্টিয়াগো সিলভা। না, মাঠে নয়। বোকার উরুগুইয়ান স্ট্রাইকারের আঙুল ভেঙেছে প্রতিপক্ষ সমর্থকদের সঙ্গে ঘুষাঘুষি করে! গত রোববার টাইগ্রের কাছে ২-১ গোলে হেরেছে বোকা। ১৯ অ্যাওয়ে ম্যাচে এটি তাদের প্রথম হার। টাইগ্রের জয়টি টানা তিন হারের পর। ম্যাচ শেষে বোকার অন্য খেলোয়াড়দের সঙ্গে সিলভাও গাড়িতে উঠছিলেন। উরুগুইয়ের ন্যাড়ামাথার স্ট্রাইকারের ডাকনাম ‘ট্যাঙ্ক’ ধরে টাইগ্রের সমর্থকেরা অপমান করে। ক্রুদ্ধ সিলভা তেড়ে গিয়ে বক্সিং শুরু করলে দুটো আঙুল ভেঙে যায় তাঁর! ভাঙা আঙুল নিয়ে অটোগ্রাফ দেওয়া সম্ভব? সইশিকারিদের হাত থেকে তাই সিলভা রেহাই পেলেন এই বলে, ‘দুঃখিত, আমি আঘাত পেয়েছি।’ রয়টার্স।উপলব্ধিফুটবল কোচেরা যত অভিজ্ঞ হন, তত ভালো? ভুল! ক্লদিও রানিয়েরি অন্তত সেটিই বলছেন। ৬০ বছর বয়সী ইতালিয়ান কোচের দাবি, কোচদের অভিজ্ঞতার কোনো প্রয়োজনই নেই! ইন্টার মিলানের সাবেক কোচ কথাটা ক্ষোভ থেকেই বলছেন, সহজেই অনুমেয়। দলের টানা ব্যর্থতার দায়ে গত মাসেই রানিয়েরিকে বরখাস্ত করেছে ইন্টার। ইন্টার কোচের দায়িত্ব দিয়েছে ৩৬ বছর বয়সী আন্দ্রেয়া স্ত্রামাচ্চিওনিকে, কোচিংয়ে যার পূর্ব-অভিজ্ঞতাই নেই! তবে নিজের জন্য নয়, রানিয়েরির মন কাঁদছে চেলসি থেকে বরখাস্ত হওয়া পর্তুগিজ কোচ আন্দ্রে ভিলাস-বোয়াসের জন্য। ৩৪ বছর বয়সী ভিলাস-বোয়াসকে নিয়ে তাঁর আক্ষেপ, ‘ভিলাস-বোয়াসের দুর্ভাগ্য। কারণ, সে নতুন কিছু করতে চেয়েছিল।’ ওয়েবসাইট।নীরবতা কাম্যহিলসবরো ট্র্যাজেডির ২৩ বছর পূর্তি। সেই স্মরণে গত রোববার এফএ কাপের সেমিফাইনাল শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করার পরিকল্পনা ছিল। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গেছে। নীরবতার অনুরোধ জানানোর পরও যে ওয়েম্বলিতে আসা চেলসি সমর্থকদের একটা অংশ বেশ শোরগোল করে যাচ্ছিল। এই ঘটনায় বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে ইংলিশ ক্লাবটি। দুঃখ প্রকাশ করে বিবৃতিও দিয়েছে, ‘সমর্থকদের খুবই নগণ্য একটা অংশ আমাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে। এতে আমরা খুবই হতাশ।’ যে সমর্থকেরা এই কাণ্ড ঘটিয়েছে, তাদের মৌসুমি টিকিট বাতিল করার ঘোষণাও দিয়েছে চেলসি। রয়টার্স।