অন্যকলাম
প্রতিবাদপ্রতিবাদের ভাষা হিসেবে টেনিস বলের ব্যবহার প্রথম করেছিল এফসি বাসেলের সমর্থকেরা। স্থানীয় একটি টেনিস টুর্নামেন্টের সঙ্গে সংঘর্ষ এড়াতে ম্যাচ এগিয়ে আনায় বাসেলের সমর্থকেরা প্রতিবাদ জানায় মাঠে টেনিস বল ছুড়ে। পরশু সেভিয়ার সমর্থকেরা যেন সেই ঘটনারই অনুকরণ করল! বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ম্যাচটি হওয়ার কথা ছিল গতকাল। কিন্তু এল ক্লাসিকো এক দিন এগোনোয় সেভিয়া-লেভান্তের ম্যাচটি আড়াই ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। সেভিয়ার ক্রুদ্ধ সমর্থকেরা টেনিস বল ছুড়ে প্রতিবাদ জানায় এই সিদ্ধান্তের। তাতে কিছু সময়ের জন্য বন্ধও রাখতে হয় ম্যাচটি। সমর্থকদের ছোড়া টেনিস বলের স্তূপ সরিয়ে পরে অবশ্য খেলাটা হয়েছে। ম্যাচের ফলাফল ১-১ গোলে ড্র। রয়টার্স।ফার্গির রাগফার্গুসনের প্রিয় শিষ্যর শরীর থেকে প্রাণশক্তি সব শুষে নেওয়ার ব্যবস্থাই যেন করছে ইংলিশ ফুটবল সংস্থা (এফএ)। ওয়েইন রুনিকে রাখা হয়েছে অলিম্পিক ফুটবলের দলে। স্বাভাবিকভাবে রুনি আছেন ইউরো ২০১২-এর দলেও। জুন-জুলাইয়ে ইউরো। জুলাই-আগস্টে অলিম্পিক। অলিম্পিক শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে ক্লাব ফুটবলের নতুন মৌসুম। সারা বছর খেলে দুটো মাস বিশ্রাম নিয়ে নতুন মৌসুমের রসদ জোগাড় করে রাখেন ফুটবলাররা। ইউরোর কারণে এমনিতেই এবার তাতে সমস্যা হবে। তার ওপর অলিম্পিক! ফার্গুসন ভীষণ চটেছেন। অবশ্য এফএ তাঁকে ঠান্ডা করেছে এই বলে, দুটো টুর্নামেন্টের যে কোনো একটিতে রাখা হবে রুনিকে। রয়টার্স।শাবাশ রেফারিম্যাচের মাঝপথে খেলোয়াড়দের চোট নতুন কোনো ঘটনা নয়। তবে রেফারির চোট পাওয়া ব্যতিক্রম তো অবশ্যই। পরশু ইতালিয়ান লিগে নাপোলি-নোভারা ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই আঘাত পান রেফারি ড্যানিয়েলে ডোভেরি। কাঁধের হাড় সরে গিয়েছিল তাঁর। সঙ্গে সঙ্গে নাপোলির চিকিৎসক গিয়ে প্রাথমিক শুশ্রূষা দিয়েছেন। পরে ড্রেসিংরুমেও নিয়ে যেতে হয়েছে তাঁকে। এ ধরনের পরিস্থিতিতে চতুর্থ রেফারি থাকেন দায়িত্ব নেওয়ার জন্য। কিন্তু চতুর্থ রেফারি ওয়ার্মআপ করার যথেষ্ট সময় পাননি বলে খেলা ২০ মিনিটের মতো স্থগিত রাখা হয়। গা গরম করে চতুর্থ রেফারি যখন মাঠে নামবেন, সেই সময় ড্রেসিংরুম থেকে ফিরে আসেন ডোভেরি। বাকি ম্যাচটা তিনিই পরিচালনা করেন শেষ পর্যন্ত। এএফপি।