অন্যকলাম
৯ হাজারআগামী ১৪ জুন শুরু হচ্ছে ইউএস ওপেন। টেনিসের নয়, গলফের! তিন দিনের টুর্নামেন্ট দিয়ে ধারণা নিতে পারেন বিশ্বজুড়ে গলফারের সংখ্যা কত। নাম নিবন্ধন করেছেন ৯০০৬ জন গলফার। তার পরও অবশ্য টুর্নামেন্টে সর্বোচ্চ নাম নিবন্ধনের দিক দিয়ে এটি চতুর্থ সর্বোচ্চ। ২০০৯ সালে নিবন্ধন করেছিল রেকর্ড ৯০৮৬ জন। টাইগার উডস, বর্তমান চ্যাম্পিয়ন ররি ম্যাকইলরয়, লুক ডোনাল্ড, লি ওয়েস্টউডসহ ৫৩ জন খেলবেন সরাসরি। বাকিদের নামতে হবে বাছাইযুদ্ধে। গত পরশু শেষ দিনেই পড়েছে ৬৭৭টি আবেদন, শেষ ঘণ্টায় ১২৪টি। ৫ মার্চ প্রথম আবেদনকারী জেসন মে, সর্বশেষ ব্র্যাড ডস্টার। এএফপি।মাশুলঅলিম্পিক যতই কাছে আসছে, ততই জমে উঠছে বাণিজ্য। প্রচারণার জন্য বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের সঙ্গে যুক্ত হয়েছে অনেক কোম্পানি। অলিম্পিকের অন্যতম স্পনসর স্যামসাংও। তবে প্রচারণায় একটা ঝামেলা পাকিয়ে ফেলেছে বিশ্বখ্যাত কোম্পানিটি। অনুমতি ছাড়াই একটি ফেসবুক অ্যাপ্লিকেশনে ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রের সাবেক কয়েকজন অলিম্পিয়ানের নাম। কিন্তু ওঁরা এটাকে ভালোভাবে নেননি। ১৮ জন অলিম্পিয়ান মিলে মামলা ঠুকে দিয়েছেন স্যামসাংয়ের বিরুদ্ধে। নামগুলোও সব বড় বড়—সাঁতারু মার্ক স্পিৎজ, জ্যানেট ইভান্স, ডাইভার জর্জ লুগানিস, অ্যাথলেট জ্যাকি জয়নার-কার্সি, বিচ ভলিবলের ফিল ডালহসার। এখন অত্যুৎসাহের মাশুল দিতে হবে স্যামসাংকে! এএফপি।খেলাবদলচোট ক্যারিয়ারটাই বদলে দিল ইয়ানা পিটমানের। ৪০০ মিটার হার্ডলসে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই অস্ট্রেলিয়ান মেয়ে। কিন্তু হার্ডলস নয়, আগামী দিনে ক্যারিয়ার গড়তে চাইছেন রোইংয়ে। আর পানির এই খেলাতেই নামবেন অলিম্পিক-যুদ্ধে। না, আগামী লন্ডন অলিম্পিকেই নামছেন না। সম্পূর্ণ নতুন আরেকটি খেলা, প্রস্তুতির ব্যাপার আছে না! ২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান মেয়ের লক্ষ্য ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিক। ২০০৩ সালে প্যারিস ও চার বছর পর ওসাকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী লন্ডন অলিম্পিকে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু চোটের কারণে সেটি স্থগিত রাখতে হয়েছে। এএফপি।