অন্যকলাম
নিঃসঙ্গ লারা‘ভালোবাসাহীনতায় কে বাঁচিতে চায়’! এত দিনে এসে বুঝি উপলব্ধি হচ্ছে লারা বিঙ্গলের। মাইকেল ক্লার্কের সঙ্গে তাঁর জুটি ছিল ক্রিকেট-বিশ্বের সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটি। অস্ট্রেলিয়ার শীর্ষ মডেল আর জনপ্রিয় ক্রীড়াতারকা—দুজনের আংটিবদল নিয়েও হইচই কম হয়নি। কিন্তু ২০১১ সালের মার্চে হুট করেই ভেঙে যায় সম্পর্ক। নিউজিল্যান্ড থেকে দেশেও ফিরে আসেন ক্লার্ক। লারা এরপর ব্যস্ত ছিলেন তাঁর স্বপ্নজগৎ দিয়েই—পার্টি, ফটোশ্যুট, নানা অনুষ্ঠান। কিন্তু এসব করেও হাঁপিয়ে উঠেছেন বিঙ্গল। জানালেন, ইদানীং নিজেকে তাঁর মনে হয় বড্ড একাকী! যা-ই হোক, লারার জন্য নিশ্চয়ই এখন ক্লার্কদের অভাব হবে না! ওয়েবসাইট।হরিষে বিষাদগোল করেছেন। দল জিতেছে। খুশিতে গদগদ হয়েই মাঠ ছাড়ার কথা ছিল থিয়েরি অঁরির। কিন্তু নিউইয়র্ক রেড বুলসের ফরাসি তারকা মাঠে ছাড়লেন চোখে-মুখে রাজ্যের হতাশা নিয়ে! কেন? কারণ গত পরশু দলের জয়সূচক গোলটি করার সঙ্গে সঙ্গেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ৩৪ বছর বয়সী তারকা। রেড বুলসের কোচ হ্যান্স ব্যাকে নিশ্চিত করেছেন, অঁরিকে এক মাস মাঠের বাইরে কাটাতে হবে। মাত্রই শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের নতুন মৌসুম। পরশু নিউ ইংল্যান্ড রেভলুশনের বিপক্ষে আনন্দ-বেদনা, অঁরির দেখা হয়ে গেছে মুদ্রার দুটি পিঠই। এএফপি।হাঙরের আক্রমণ!প্রতিপক্ষ দলের নাম ‘শার্ক’। আক্ষরিক অর্থেই যে তারা হাঙরের মতো হিংস্র, আগে বুঝতে পারেনি ওশান বয়েজ ক্লাব। বুঝল মাঠ থেকে সরাসরি হাসপাতালে গিয়ে। অবশ্য ঠিক প্রতিপক্ষ দল নয়, শিকার হয়েছে তারা প্রতিপক্ষের সমর্থকদের। নাইজেরিয়ান লিগে শার্কের বিপক্ষে ম্যাচের আগে ড্রেসিংরুমে প্রস্তুতি নিচ্ছিলেন ওশানের ফুটবলাররা। আচমকাই শার্ক-সমর্থকদের বুনো আক্রমণ। হাসপাতালে নিতে হয়েছে প্রায় সবাইকেই, দলের সহকারী কোচ ও এক ডিফেন্ডারের অবস্থা গুরুতর। নাইজেরিয়ার ফুটবল মাঠে সহিংসতা এখন প্রায় নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তবে ম্যাচের আগেই ড্রেসিংরুমে গিয়ে হামলা ছাড়িয়ে গেছে সব হিংস্রতাকেই। রয়টার্স।