অন্যকলাম
হাতাহাতিফুটবল মাঠে হাতাহাতি নতুন কোনো ঘটনা নয়। তবে সেই হাতাহাতি যদি হয় একজন কোচ আর একজন খেলোয়াড়ের মধ্যে? বিরল তো বটেই, সেটিকে আরও বিরলতম করে দিচ্ছে এই তথ্য—দুজনই কিনা একই দলের খেলোয়াড়! পরশু ইতালিয়ান লিগে ঘটেছে এ ঘটনা। নোভারার বিপক্ষে ম্যাচে ৩২ মিনিটেই মাঠ থেকে আদেম লিয়ায়িচকে তুলে আনেন ফিওরেন্টিনার কোচ দেলিও রসি। সিদ্ধান্তটা যে পছন্দ হয়নি, সেটা ডাগআউটে ফেরার সময় কোচের উদ্দেশে বিদ্রূপের হাততালি দিয়ে বুঝিয়ে দিয়েছেন সার্বিয়ার মিডফিল্ডার। খেলোয়াড়ের এই ‘দুঃসাহস’ হজম করতে পারেননি, ছুটে গিয়ে লিয়ায়িচের ওপর ঝাঁপিয়ে পড়েছেন রসি। বসিয়ে দিয়েছেন কয়েক ঘা! ফলাফল? গতকাল ছাঁটাই! রয়টার্স।সতর্ক রামোসগতবার শুধু কোপা ডেল রে জিতেছিল রিয়াল মাদ্রিদ। সেই ট্রফি নিয়ে উৎসব করতে গিয়ে বাসের চাকার নিচে ফেলে দিয়েছিলেন সার্জিও রামোস। ট্রফিটাই ভেঙে গুঁড়িয়ে গিয়েছিল। পরে তাদের দেওয়া হয় নতুন আরেকটা ট্রফি। তবে রিয়াল ডিফেন্ডার এবার আশ্বস্ত করছেন, তিন বছর অপেক্ষার পর জেতা লা লিগার ট্রফিটা যক্ষের ধনের মতোই আগলে রাখবেন। এবার আর তাঁর হাত থেকে ট্রফিটা ফসকে যাওয়ার আশঙ্কা নেই, ‘সিবেলেসের উৎসবে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। উন্মুখ হয়ে আছি ট্রফিটা ধরার জন্যও। তবে এবার যেন পড়ে না যায়, সেটা অবশ্যই খেয়াল রাখব।’ ওয়েবসাইট।টেন্ডুলকারের চুলছবি দেখে কী ভাবছেন? শচীন টেন্ডুলকার আবার চুলের স্টাইল পাল্টালেন কবে! একই রকম ভেবেছিল আরও কোটি কোটি লোক। মোবাইল-ইন্টারনেটে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এতে বিপদে পড়ে গেছেন ছবির লোকটিই, তিনি যে আসল টেন্ডুলকার নন! নাম তাঁর বলবীর প্যাটেল। দেখতে হুবহু টেন্ডুলকারের মতো, মঞ্চ-টিভি-বিজ্ঞাপনে তাঁর বেশ কদর। সম্প্রতি ৩ লাখ রুপি খরচ করে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন। কিন্তু টেন্ডুলকার-ভক্তদের দাবি, এই স্টাইলে একটুও মানাচ্ছে না টেন্ডুলকারকে। টেন্ডুলকাররূপী বলবীরকে তাই আবার পাল্টাতে হবে চুলের স্টাইল! কিন্তু আবার পাল্টনোর মতো টাকা নেই বলবীরের, তাই বিসিসিআইয়ের কাছে চেয়েছেন একটি পরচুলা! ওয়েবসাইট!