অন্যকলাম
উভয়সংকট
মারিও বালোতেল্লি ভালোই ফ্যাসাদে পড়েছেন। মাঠে ইদানীং কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের প্রতি কেউ কেউ মধ্যযুগীয় আচরণ করছেন। বালোতেল্লি নিজেও বর্ণবাদ নামের চরম অমানবিকতার শিকার হয়েছেন কয়েকবার। ইতালির এই স্ট্রাইকার এর পর ঘোষণা দেন, এখন থেকে গ্যালারিতে একটাও বর্ণবাদী আচরণ দেখতে পেলে তিনি মাঠ ছেড়েই বেরিয়ে আসবেন। কিন্তু এটিকে প্রতিবাদের আসল উপায় হিসেবে মানতে রাজি নয় ইতালিয়ান ফুটবল সংস্থা। তারা জানিয়েছে, বালোতেল্লি মাঠ ছেড়ে বেরোলে তাঁকে সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখানো হবে। ‘সবারই নিজের মত প্রকাশের স্বাধীনতা আছে, তবে একই সঙ্গে কিন্তু আছে নিয়মও’—বলেছেন ইতালির রেফারি সংস্থার প্রধান মার্সেলো নিচ্চি। ওয়েবসাইট।
টুইট বিপত্তি
টুইটারে, ফেসবুকে বেমক্কা মন্তব্য করে ফেঁসে যাওয়ার ঘটনা এখন হরহামেশাই ঘটছে। তবুও হুঁশ থাকে না অনেকের। এবার যেমন ফাঁসলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী ওপেনার ‘বিধ্বংসী’ এক মন্তব্য করেছিলেন টুইটারে। অস্ট্রেলিয়ার দুই সিনিয়র সাংবাদিককে উদ্দেশ করে বাজে ভাষায় বকেছিলেন। বিপত্তিটা হয়েছে এখানেই। ক্রিকেট অস্ট্রেলিয়া এখন তদন্তে নেমেছে টুইটটা ওয়ার্নার নিজেই করেছেন না হ্যাক হয়েছে তাঁর অ্যাকাউন্ট, সেটা জানতে। অবশ্য এর আগেই নিউজ লিমিটেডের দুই সাংবাদিকের কাছে ক্ষমা চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এখন আইপিএলে ব্যস্ত ওয়ার্নার দোষী প্রমাণিত হলে শাস্তি পাবেন নির্ঘাত। রয়টার্স।
ফুটবল বিশ্বকাপ মানে পুরো বিশ্ব এক ছাদের নিচে। নানা ধর্ম, নানা বর্ণ, নানা দেশ আর সমাজের মানুষ এক হয় সেখানে। বিশ্বকাপে তাই দেখা মেলে বহু ধরনের পর্যটকের। ২০১৪ বিশ্বকাপে কিন্তু দেখা মিলবে আরও এক ‘প্রজাতি’র—রোবট! নিরাপত্তার স্বার্থে আয়োজকেরা বিশেষ ধরনের রোবট বানানোর পরিকল্পনা নিচ্ছে। এই রোবটের মূল কাজ হবে বোমার সন্ধান করা। সর্বশেষ বোস্টন ম্যারাথনে সন্ত্রাসী হামলায় বোঝা গেছে, খেলাধুলাও এখন সন্ত্রাসের থাবা থেকে নিরাপদ নয়। এ কারণেই এই বাড়তি উদ্যোগ। বিশেষ নিরাপত্তার কাজে ব্রাজিলে দেখা যাবে যে রোবটের, নাম আইরোবট ৫১০ প্যাকবটস। ওয়েবসাইট।