অন্যকলাম
‘বদ’ প্রকাশএখন মত প্রকাশের অনেক সুযোগ। হাতের কাছেই ফেসবুক-টুইটার। নিজের মনে যা আছে লিখে ফেলুন। তবে বেমক্কা কোনো মন্তব্য করবেন না। তাতে আক্কেল সেলামি দিতে হতে পারে। রায়ান বাবেলকে যেমন দিতে হচ্ছে। লিভারপুল থেকে হফেনহেইমে নাম লেখানো এই ডাচ উইঙ্গার গত শনিবার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। রেফারির সিদ্ধান্ত যে পছন্দ হয়নি, সেটাই টুইটারে বলেছিলেন, ‘জানি না, মনে হয় রেফারি নেশা করে মাঠে নেমেছিল।’ তাঁর এই মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে জার্মান ফুটবল সংস্থা। লিভারপুলে থাকার সময় গত বছর টুইটারে রেফারি হাওয়ার্ড ওয়েবের ব্যঙ্গ ছবি পোস্ট করে ১০ হাজার পাউন্ড জরিমানা গুনেছিলেন বাবেল। এএফপি।গায়ক বোল্টতাঁর গান হয়তো এখনো আপনারা শোনেননি। না শুনেও একটা জিনিস অনুমান করে নেওয়া যায়, গানটা অবশ্যই দ্রুত লয়ের। গায়কের নাম যে উসাইন বোল্ট! শুধু গায়কের নাম নয়, গানের শিরোনাম শুনেও মনে হচ্ছে, সম্ভবত পৃথিবীর সবচেয়ে দ্রুত লয়ের গান এটাই। গানের নাম ‘ফাস্টার দ্যান লাইটনিং’! সম্প্রতি এই গান অনলাইনে ছেড়েছেন জ্যামাইকান দৌড়বিদ। এই গান দিয়ে আগামী লন্ডন অলিম্পিকে নিজের সম্ভাব্য প্রতিপক্ষদের একটা বার্তাও দিয়েছেন বোল্ট। র্যাপ সুরে করা গানটায় বোল্ট মনে করিয়ে দিয়েছেন, তিনিই বিশ্বের দ্রুততম মানব। ওয়েবসাইট।প্রবেশাধিকার‘শিশুদের সঙ্গে আনিবেন না, আনিলে টিকিট কাটিতে হইবে’, লন্ডন অলিম্পিকের দর্শকদের এই বার্তা দিয়েছিলেন আয়োজকেরা। কিন্তু এতে ভীষণ চটে গিয়েছিলেন মায়েরা। বিশেষ করে, গত বছর মার্চে টিকিট কাটার পরই অনেকে মা হয়েছেন। এরই মধ্যে অধিকাংশ ভেন্যুর টিকিট বিক্রি শেষ। এই অবস্থায় বাচ্চার জন্য টিকিট তাঁরা পাবেন কোথায়? আর কোলের শিশুকেই বা বাসায় রেখে আসবেন কীভাবে? এ নিয়ে অনেক শোরগোল হওয়ার পর আগের অবস্থান থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। জানানো হয়েছে, টিকিট ছাড়াই কোলের শিশুদের সঙ্গে আনা যাবে। তবে শিশুর বয়স ১২ মাসের বেশি হওয়া যাবে না এবং তাকে অবশ্যই কোনো না কোনোভাবে প্রাপ্তবয়স্ক কারও শরীরের সঙ্গে বেঁধে রাখতে হবে। রয়টার্স।