অন্যকলাম
বিয়ের ছুটিএমনিতে গোলপোস্টের নিচে তাঁর দাঁড়ানোর সম্ভাবনা কম। আগামী ইউরোতে ইংল্যান্ড দলের তৃতীয় গোলরক্ষক তিনি। কিন্তু একাদশে না থাকলেও বেঞ্চে তো থাকতে হবে! তা ছাড়া ইউরোর প্রস্তুতি ম্যাচও তো কম গুরুত্বপূর্ণ নয়। কিন্তু সমস্যা হয়েছে অন্য জায়গায়। বেলজিয়ামের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা খেলতে গেলে যে বিয়েই করা হয় না জন রুডির! ইংলিশ গোলরক্ষকের ব্যাপারটা বিশেষ বিবেচনায় নিয়েছেন কোচ রয় হজসন। ২ জুনের ম্যাচটিতে ছুটি দেওয়া হয়েছে রুডিকে। এই অনুমতি দেওয়ায় কোচ আর ইংলিশ ফুটবল সংস্থার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে নরউইচের এই গোলরক্ষক এ-ও বলতে ভোলেননি, ‘জাতীয় দলের হয়ে খেলাও কিন্তু আমার জন্য একটা স্বপ্ন।’ ওয়েবসাইট।পার্ক বাদদক্ষিণ কোরিয়ার নিয়ম হচ্ছে, দুই বছর সেনাবাহিনীতে কাজ করতেই হবে। কিন্তু এই নিয়মকে নিয়মের ঘোরপ্যাঁচ দিয়ে এত দিন কাঁচকলা দেখিয়ে এসেছেন পার্ক চু-ইয়ং। গত বছর মোনাকো থেকে আর্সেনালে নাম লিখিয়েছেন এই ফরোয়ার্ড। মোনাকোতে থাকার সময় ১০ বছর মেয়াদি আবাসন ভিসা নিয়েছিলেন। সেই ভিসা দেখিয়েই সেনাবাহিনীর দায়িত্বটা এড়িয়ে যাচ্ছেন। এ নিয়ে দেশে সমালোচনার ঝড় উঠেছে। পরিস্থিতি সামাল দিতে এই ২৬ বছর বয়সীকে দল থেকে বাদ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার কোচ চোই কাং-হি। এ মাসের শেষে স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচের পাশাপাশি বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুটি ম্যাচে খেলতে পারবেন না পার্ক। এএফপি।রোনালদোকে চ্যালেঞ্জক্রিস্টিয়ানো রোনালদোকে চ্যালেঞ্জ! সেটিও সাধারণ ভক্ত হয়ে! এ তো আকাশের চাঁদ হাতের মুঠোয় এনে দেওয়ার মতো ব্যাপার। সেই সুযোগই করে দিয়েছিল ক্যাস্ট্রল। গাড়ির ইঞ্জিন অয়েল প্রস্তুতকারক এই প্রতিষ্ঠান তাদের পণ্যদূত রোনালদোকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র বানিয়েছে আইটিউনের জন্য। সেই প্রামাণ্যচিত্রের প্রচারণার জন্য গতকাল ভক্তদের সুযোগ করে দেওয়া হয়েছিল রোনালদোকে চ্যালেঞ্জ জানানোর। ফেসবুকে ক্যাস্ট্রলের পেজের (www.facebook.com/castrolfootball) মাধ্যমে মাদ্রিদ থেকে সরাসরি ভিডিও সম্প্রচারে যোগ দিয়েছিলেন রোনালদো। প্রথম এক লাখ ভক্তকে যুক্ত করা হয়েছিল এই প্রতিযোগিতায়। তাঁরা রোনালদোকে বিভিন্ন চ্যালেঞ্জ দিয়েছেন। আর ভক্তদের নির্দেশমতো নিজের ফুটবল-প্রতিভা দিয়ে সেই চ্যালেঞ্জের জবাব দিয়েছেন রোনালদো। ওয়েবসাইট।