অন্যকলাম
এক টিকিটে...
ক্রীড়া প্রতিবেদকl আন্তর্জাতিক মহিলা ফুটবল। কিন্তু এটাও খুব দর্শক আকর্ষক বলে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাই এক টিকিটে দুই সিনেমার মতো এক টিকিটে দুটি ম্যাচ দেখার আমন্ত্রণ জানাল বাফুফে। মহিলা এশিয়া কাপ ফুটবলের বাছাইপর্ব শুরু হচ্ছে কাল থেকে। আর মাঠে দর্শক আনতেই এই কৌশল। দামটাও হাতের নাগালে—সাধারণ গ্যালারি টিকিট ৫০ টাকা, ভিআইপি ১৫০। টিকিট পাওয়া যাবে বাফুফে ভবনে ও কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের ঢাকা মহানগরের ৫০টি আউটলেটে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২১, ২৩ ও ২৫ মে হবে ম্যাচগুলো। রাজধানীজুড়ে টুর্নামেন্টের বিজ্ঞাপন ছড়িয়ে দেওয়া হয়েছে বিলবোর্ড ও ডিজিটাল ব্যানারে।
রেফারিকে জবাব
রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে হোসে মরিনহো লাল কার্ড দেখেছিলেন। ডাগ-আউট থেকে উঠে গিয়ে রিয়াল মাদ্রিদ কোচ লাল কার্ড পেতে দেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকেও। এর একটা সমুচিত জবাব মরিনহো না দিয়ে পারেন! গত শুক্রবার কোপা ডেল রের ফাইনালে হেরে যাওয়ার পর জবাব দিয়েছেনও। তবে একটু ভিন্নভাবে। ম্যাচ শেষে মরিনহো ওত পেতে ছিলেন রেফারিদের ড্রেসিংরুমের সামনে—কখন রেফারি ক্লস গোমেজ সেখানে ঢোকেন। কেন? রেফারিকে এই বার্তা পৌঁছে দিতে যে, ‘যাও, তাদের সঙ্গে গিয়ে উদ্যাপন করো!’ স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবর, আড়ি পেতে ওই ঘটনা ফাঁস করে দিয়েছে মার্কা টিভি। ওয়েবসাইট।
ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমোশেঙ্কো কারাগারে। তাঁর মুক্তির দাবিতে ১৫ হাজার লোক রাস্তায় নেমে পড়ল প্রতিবাদে, স্লোগানে স্লোগানে কিয়েভের রাজপথ করল প্রকম্পিত। বলুন তো, কে তাঁদের নেতৃত্ব দিলেন? সবার সামনে ছিলেন ইউক্রেনের বিশ্বজয়ী বক্সার ভিতালি ক্লিচকো। ইউরোপের মানবাধিকার সংস্থা গত মাসে ঘোষণা তিমোশেঙ্কোর আটকাদেশকে অবৈধ ঘোষণা করে। এর পরই শুরু হয় বিক্ষোভ। ক্লিচকো অবশ্য নিজেই একটা রাজনৈতিক দলের প্রধান। সম্প্রতি তাঁর দল জোট বেঁধেছে তিমোশেঙ্কোর দলের সঙ্গে। বক্সিং রিংয়ের মতো রাজনীতিতেও ক্যারিশম্যাটিক ক্লিচকো। এএফপি।