অন্যকলাম
১১০ বছর জেল১০ বছর বা ২০ বছর নয়, পাক্কা ১১০ বছরের জেল! বয়স এখন ৬২ বছর, তাহলে পূর্ণকালীন কারাদণ্ড ভোগের পর তাঁর বয়স হবে ১৭২ বছর! আসলে দুটো জীবন কাটাতে হবে অ্যালান স্ট্যানফোর্ডকে। মার্কিন এই ধনকুবের ক্রিকেটবিশ্বে পরিচিত ২০০৮ সালের সেই বহুল আলোচিত স্ট্যানফোর্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের মাধ্যমে। অ্যান্টিগাতে হওয়া ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের সেই একটি ম্যাচের পুরস্কারই ছিল ২০ মিলিয়ন ডলার! বিশ্বের সবচেয়ে বড় আর্থিক কারচুপির একটিতে দোষী সাব্যস্ত হওয়াতেই স্ট্যানফোর্ডের এই শাস্তি। ধারণা করা হচ্ছে, প্রায় সাত বিলিয়ন ডলারের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে তিনি জড়িত। স্ট্যানফোর্ড নিজে অবশ্য এসব অভিযোগ অস্বীকার করছেন। বলছেন, কোনোরকম প্রতারণার সঙ্গে তিনি জড়িত ছিলেন না। ওয়েবসাইট।নাটুকে মারেটেনিস কোর্ট না, অ্যান্ডি মারের ঠিকানা হওয়া উচিত হলিউডের রঙ্গমঞ্চ। সবাই যেভাবে তাঁকে নাটুকেপনার জন্য দুষছে, তাতে তো তাই বলতে হয়! মারে নাকি কোর্টে চোটের ভান করেন। পরশু জার্মান খেলোয়াড় টমি হাস করেছেন এই অভিযোগ। এর আগে সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন ভার্জিনিয়া ওয়েডও তাঁকে ‘নাটুকে সর্দার’ বলে খোঁচা দিয়েছেন। তবে মারের সমর্থনে এগিয়ে এসেছেন নাদাল, ‘সে দারুণ একজন মানুষ। আমার বিশ্বাস, সে কখনোই কোর্টে এমনটা করতে পারে না। আর ব্যাখ্যা করাটা মুশকিল, তবে অ্যান্ডির ওপর আমার আস্থা আছে।’ যাক, ক্লে-কোর্টের রাজার সমর্থনে মারে নিশ্চয়ই শক্তি পাবেন। এএফপি। ম্যাকেলেলের জেলনা, বান্ধবী-ভাগ্যটা মোটেই ভালো নয় ক্লদ ম্যাকেলেলের। এক বান্ধবী ম্যাকেলেলের সন্তানের মা নোমি লেনোয়া ২০১০ সালের মে মাসে চেষ্টা করেছিলেন আত্মহত্যার। এবার আরেক বান্ধবীর কারণে জেল খাটতে পারেন সাবেক ফরাসি ফুটবল তারকা। সেই ২০১০ সালেরই এক ঘটনার জের টানছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও চেলসি তারকা। ওই বছরের অক্টোবরে প্যারিসে নিজের বাসায় থান্ডি ওজিয়ারকে ঘুষি মেরেছিলেন ম্যাকেলেলে। সেই মামলাতেই বিচারক পাঁচ মাসের কারাদণ্ডের প্রস্তাব করেছেন। অবশ্য এখনই জেলে যেতে হচ্ছে না প্যারিস সেন্ট জার্মেইর বর্তমান সহকারী কোচকে। আগামী ১৩ সেপ্টেম্বর ঘোষণা হবে চূড়ান্ত রায়। এএফপি।