অন্যকলাম
অনাহূত
জাঁকালো নৈশভোজ। আমন্ত্রিত অতিথিরা সব রথী-মহারথী। ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন, মিশেল প্লাতিনি ও ডেভিড বেকহামরা। এর চেয়ে অভিজাত পরিবেশ আর কী হয়! হঠাৎই সবাইকে হকচকিত করে মঞ্চে উঠে পড়লেন তিন আগন্তুক। ইসরায়েলের নাম ধরে চেঁচিয়ে প্রতিবাদ করতে লাগলেন তাঁরা। এই কাণ্ডটা ঘটে গেছে গত পরশু লন্ডনে। তা-ও আবার উয়েফার বার্ষিক সভায়। পরের মাসে অনূর্ধ্ব-২১ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ হবে ইসরায়েলে। সেটি বাতিলের দাবিতেই এই প্রতিবাদ। তবে এমন বজ্র আঁটুনির মধ্যে ফসকা গেরোটা কোথায় ছিল সেটা এখনো বের করতে পারেননি নিরাপত্তাকর্মীরা! ওয়েবসাইট।
চাপে রিয়াল
এ যেন বার্সেলোনার কাছে একটা হার। না, খেলার মাঠে নয়। তবে ব্রাজিল-তারকা নেইমারকে দলে টানার লড়াইয়ে বার্সার কাছে হেরে যাওয়াটাও কম কষ্ট দিচ্ছে না রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে। ক্ষত শুকানোর জন্য আটঘাট বেঁধে নেমেছেন তিনি। টটেনহামের গ্যারেথ বেল, অ্যাটলেটিকো মাদ্রিদের রাদামেল ফ্যালকাও আর মালাগার ইসকোদের মতো খেলোয়াড়কে লক্ষ্য করে ‘উইশ লিস্ট’ করেছেন। মিলিয়ন মিলিয়ন ইউরো খরচ হোক কিন্তু দলবদলের বাজারে বার্সার পেছনে থাকা যাবে না। আগ্রহটা গ্যারেথ বেলেই বেশি। ক্লাবের বিশেষ দূত জিনেদিন জিদান তো বলেই দিয়েছেন, ‘রোনালদো, মেসির পরে একমাত্র বেলের খেলাই আমাকে সবচেয়ে মুগ্ধ করে।’ রয়টার্স।
এই তো ম্যারাডোনা
উত্তেজিত হয়ে গলাধাক্কা বান্ধবীকে! কাজটা করেছেন ডিয়েগো ম্যারাডোনা। বর্তমান বান্ধবী রোসিও অলিভাকে নিয়ে যাচ্ছিলেন সাবেক বান্ধবী ভেরোনিকার গর্ভে জন্ম নেওয়া তাঁর শিশুপুত্রকে দেখতে। কী এক কারণে বিমানের মধ্যেই অলিভার সঙ্গে কথা-কাটাকাটি। হতভম্ব বিমানযাত্রীদের সামনেই বান্ধবীর ঘাড় ধরে বসেন। যাত্রীদের একজন তো জানিয়েছেন আরেকটু হলে রীতিমতো বক্সিং বাউট হয়ে যেত। যাত্রীদের মধ্যে ছিলেন আর্জেন্টিনার অন্যতম প্রদেশ সান্তা ফের গভর্নরের স্ত্রী। তিনিই শান্ত করেন পরিস্থিতি। বিমানবন্দর থেকে নামার পর উৎসাহী আলোকচিত্রীরা পড়েন হুমড়ি খেয়ে। তাঁদের কনুই মেরে নিবৃত্ত করেছেন ম্যারাডোনার দেহরক্ষীরা। ওয়েবসাইট।