অন্যকলাম
টাকার টানউইলিয়ান কি এখন আফসোস করছেন? সাধ্যের মধ্যে থাকতেও চ্যাম্পিয়নস লিগ না খেলতে পারলে আফসোস হওয়ারই কথা। শাখতার দোনেৎস্কে দারুণ খেলছিলেন ব্রাজিলের এই প্লে-মেকার। গ্রুপ পর্বে ৪ গোল করেছিলেন। ইউক্রেনের ক্লাবটিকে তুলেছিলেন নকআউট পর্বেও। কিন্তু শেষমেশ আনঝি মাখাচকালার টাকার ঝনঝনানিতে প্রলুব্ধ না হয়ে পারলেন না। ৩ কোটি ৫০ লাখ ইউরোয় উইলিয়ানকে দলে টেনেছে রাশিয়ার নব্য ধনী ক্লাবটি। অথচ আনঝি কিন্তু চ্যাম্পিয়নস লিগেই নেই। ব্রাজিল দলে ঢুকতে হলে বড় মঞ্চে কিছু করতে হতো। কিন্তু টাকার অদ্ভুত রকমের টানটা কীভাবে অস্বীকার করবেন ২৪ বছর বয়সী! রয়টার্স। টেন্ডুলকারও?সাঁতার ছেড়ে মাইকেল ফেলপ্্স্ গলফে ক্যারিয়ার গড়তে নেমে পড়েছেন। আরেক ভুবনের শচীন টেন্ডুলকারও কি সেই প্রস্তুতি শুরু করলেন? গত পরশু আহমেদাবাদের কেনসভিল গলফ ও কান্ট্রি ক্লাবে গিয়েছিলেন ভারতের ব্যাটিং কিংবদন্তি। টেন্ডুলকারের ভাষায় দারুণ ছিল এই অভিজ্ঞতা, ‘আগেও অনেকবার গলফ কোর্সে গেছি, কয়েকবার চেষ্টাও করেছি খেলার। কিন্তু টুর্নামেন্ট চলার সময় গলফ কোর্সে যাওয়া নতুন এক অভিজ্ঞতা।’ ক্রিকেট ছাড়ার পর গলফে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেননি, ‘ক্রিকেটই আমার মনোযোগ, কিন্তু ভবিষ্যতে গলফকে কখনো বেছেও নিতে পারি।’ ড্রাইভিং রেঞ্জ থেকে ২৫-৩০টি শটও খেলেছেন। উল্টোপাল্টা মারেননি একটাও! ওয়েবসাইট।