অন্যকলাম
তাঁরা দুজনগত জানুয়ারিতেই শোনা গিয়েছিল প্রেমের ভেলায় নাও ভাসিয়েছেন টাইগার উডস ও লিন্ডসে ভন। যা রটে তার কিছুটা হলেও ঘটে। পেশাদার স্কিয়ার ভন অংশ নিতে গিয়েছিলেন অস্ট্রিয়ায় সালজবুর্গে আলপাইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে। সেখানেই হাঁটুতে গুরুতর চোট পান। দুর্ঘটনায় পায়ের হাড়েও ধরে চিড়। ঘটনার পরপরই উডসের ব্যক্তিগত জেটটাকে দেখা গেছে সালজবুর্গ বিমানবন্দরে। সেখানে গিয়েছিলেন আহত ভনকে নিয়ে যেতেই। এত দিন দুজন দাবি করেছিলেন তাঁরা স্রেফ ‘ভালো বন্ধু’। বন্ধুত্বের সীমা ছাড়িয়ে সম্পর্কটা একেবারেই জীবন ঘেঁষাঘেঁষি না হলে দুজনের মধ্যে এই ব্যাকুলতা কি তৈরি হয়? ওয়েবসাইট।ওয়েঙ্গারের আশঙ্কাম্যাচ পাতানো কেলেঙ্কারিতে বেশ কয়েক দিন ধরেই জেরবার ইউরোপীয় ফুটবল। আর্সেন ওয়েঙ্গারের মতে ডোপ পাপও ম্যাচ পাতানোর মতোই ভয়ংকর হয়ে উঠতে পারে। কদিন আগেই অস্ট্রেলীয় ক্রীড়াঙ্গনে নিষিদ্ধ ড্রাগ নিয়ে একপশলা ঝড় বয়ে গেছে। অলিম্পিকে যেখানে ডোপ পাপ বিরল কিছু নয়, সেখানে বিশ্বকাপও যে পুরোপুরি ডোপ পাপের কলঙ্কমুক্ত সেটা বিশ্বাস করেন না ওয়েঙ্গার, ‘বিশ্বকাপে যেখানে ৭৪০ জন খেলোয়াড় আছে, সেখানে কোনোই সমস্যা না-থাকা বিশ্বাস করাটা একটু কঠিনই। কিন্তু গাণিতিকভাবে এটাই হচ্ছে।’ ফুটবলে এখনো সেভাবে ডোপ-কলঙ্কের দাগ পড়েনি। ওয়েঙ্গারের মতে, প্রতিটি ম্যাচের আগে মূত্রপরীক্ষার বদলে বাধ্যতামূলক রক্তপরীক্ষা করলে ফলাফল হয়তো অন্য রকম হবে। রয়টার্স। রিকেলমের ফেরাহুয়ান রোমান রিকেলমের মর্জি বোঝা বড় শক্ত। কখন অবসরের ঘোষণা দেন, আর কখনই বা ফেরেন সেই হদিস রাখা মুশকিল। কোপা লিবার্তাদোরেসের ফাইনালে করিন্থিয়ানসের মুখোমুখি বোকা জুনিয়র্স। হেরে যাওয়ার পরই ঘটে ঘটনাটা। কোচ হুয়ান সিজার ফ্যালকিওনির সঙ্গে মতবিরোধের জেরে ছেড়ে দিয়েছিলেন ক্লাব। কিন্তু ঘরের ছেলে বেশি দিন অভিমান পুষে রাখতে পারলেন না। বোকার হয়েই সাত মাস পর আবার মাঠে ফিরছেন ৩৪ বছর বয়সী মিডফিল্ডার। তাঁর সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক করে দলে তাঁকে ফিরতে রাজি করাতে পেরেছেন আর্জেন্টাইন ক্লাবটির কর্মকর্তারা। কদিন পরই প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য অনুশীলন শুরু করতে যাচ্ছেন রিকেলমে। রয়টার্স।