অন্যকলাম
বেলের আক্ষেপদুর্দান্ত ফর্মে আছেন টটেনহাম উইঙ্গার গ্যারেথ বেল। এই মৌসুমে এরই মধ্যে করেছেন ১৩ গোল। দুর্দান্ত গতি তো আছেই, বাঁ পায়ে নিতে পারেন গোলার মতো শটও। কিন্তু তার পরও একটা আফসোস অহর্নিশ পোড়ায় এই উইঙ্গারকে। ডান পা’টা যদি আরেকটু ভালো হতো! গত পরশু নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে দারুণ দুটো গোল করার পর পেয়েছিলেন হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ। কিন্তু অতিরিক্ত সময়ে ডান পায়ে অবিশ্বাস্যভাবে বাইরে মেরে বসেন। এটাকে বলা হচ্ছে ‘মিস অব দ্য সিজন’। বেলের কণ্ঠে অবশ্য দুর্বলতাটাকে কাটিয়ে ওঠার প্রত্যয়, ‘এটা (ডান পা) নিয়ে আমাকে আরও কাজ করতে হবে।’ রয়টার্স। ভ্রমর বেকহামএখনো দলের হয়ে মাঠেই নামেননি। তবে আসল ‘গোল’ ঠিকই করেছেন ডেভিড বেকহাম। তাঁকে দলে টানার কয়েক দিনের মধ্যেই পিএসজির ব্যাংক হিসাবে জমা পড়ছে বড় অঙ্কের টাকা। বেকহামের জার্সি বিকোচ্ছে হু হু করে। তবে শুধু জার্সি বিকিয়ে তো আর এত টাকা আয় হয় না। ফরাসি ক্লাবটির আয় বেড়েছে জার্সি স্পনসর এমিরেটস ১১ কোটি পাউন্ডের নতুন চুক্তি করায়। ইংলিশ দৈনিক ডেইলি স্টার-এর দাবি, বেকহাম পিএসজিতে আসায় নতুন করে চুক্তিতে উৎসাহিত কয়েছে এয়ারলাইনস প্রতিষ্ঠানটি। বেকহাম তো ভ্রমর করপোরেট প্রতিষ্ঠানদের জন্য মধুই! ওয়েবসাইট। রুনির বার্তাতাঁর শৈশবের নায়কদের একজন ছিলেন ‘গাজ্জা’। ঘরময় ছিল গাজ্জার পোস্টার। সেই পল গ্যাসকোয়েনের জীবনের করুণ পরিণতি সব সময়ই ব্যথিত করেছে ওয়েইন রুনিকে। জীবন বাঁচানোর লড়াইয়ে যুক্তরাষ্ট্রে গেছেন গাজ্জা। তাঁর উদ্দেশে আবেগময় এক বার্তা পাঠিয়েছেন রুনি। ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার বলেছেন, আশির দশকে বেড়ে ওঠার সেই সময়টায় তিনি সব সময়ই গ্যাসকোয়েনের মতো একজন খেলোয়াড় হতে চেয়েছেন। ১৪-১৫ বছর বয়সে একবার গাজ্জার সঙ্গে অনুশীলন করার সুযোগ পেয়ে রুনি গাজ্জার পায়ের জাদুগুলো শিখে নিতে চেয়েছিলেন। গাজ্জা পুরো সুস্থ হয়ে, মদের নেশাকে কবর দিয়ে দেশে ফিরবেন বলেই তাঁর আশা। ওয়েবসাইট।