অন্যকলাম
প্রতি সেকেন্ডে...প্রতি সেকেন্ডে দশ হাজার পাউন্ড! না, ভুল পড়ছেন না, অঙ্কটা ঠিকই আছে। ৬ জুলাই প্যারিসে ডায়মন্ড লিগে দৌড়াবেন উসাইন বোল্ট। ১০০ মিটারে অবশ্য নয়, দৌড়াবেন ২০০ মিটারে। সে জন্য আয়োজকদের সঙ্গে দুই লাখ পাউন্ডের চুক্তি হয়েছে সর্বকালের দ্রুততম মানবের। ২০ সেকেন্ডের কমেও ২০০ মিটার দৌড়ানোর রেকর্ড আছে বোল্টের। ২০ সেকেন্ড লাগলেও প্রতি সেকেন্ডে বোল্টের উপার্জন হবে দশ হাজার পাউন্ড। এই বিশাল অর্থব্যয় নিয়েও খুব একটা ভাবিত নন আয়োজকেরা। বোল্ট যখন দৌড়াবেন, তখন গ্যালারিতে তিল ধারণের ঠাঁই না থাকারই কথা। বিনিয়োগটা সুদে-আসলে উঠে আসবে বলেই তাই বিশ্বাস আয়োজকদের। ওয়েবসাইট। সেনার দস্তানাএকজোড়া দস্তানার দাম কত হতে পারে? বড়জোর শ খানেক পাউন্ড। কিন্তু দস্তানাজোড়া যখন আয়ার্টন সেনার, তখন সেটার দাম ২২ হাজার পাউন্ড হলে অবাক হওয়ার কিছু থাকবে না বোধ হয়। ফর্মুলা ওয়ান কিংবদন্তির স্মৃতিধন্য এই দস্তানা নিলামে তুলেছিলেন সেনার একসময়ের সহকর্মী ও বন্ধু জো রামিরেজ। সেটা আবার কিনে নিয়েছেন ফর্মুলা ওয়ান দল লোটাসের মালিক জেরার্ড লোপেজ। এই লোটাসের হয়েই ১৯৮৪ সালে অভিষেক হয়েছিল তিনবারের ফর্মুলা ওয়ানজয়ী সেনার। নিলামের পুরো টাকাটাই দিয়ে দেওয়া হয়েছে দাতব্য তহবিলে। ১৯৯৪ সালে সান মারিনো গ্রাঁ প্রিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান সেনা। রয়টার্স।এখনই কেন!প্রেমের ভেলায় নাও ভাসিয়েছেন অনেক দিনই তো হয়ে গেল। গাঁটছড়া বাঁধছেন কবে? প্রশ্নটার জবাব এড়িয়েই গেছেন ক্যারোলিন ওজনিয়াকি। সাবেক এক নম্বর টেনিস তারকা অনেক দিন ধরেই প্রেম করছেন গলফের এক নম্বর ররি ম্যাকইলরয়ের সঙ্গে। দুই ভুবনের দুই তারকার প্রেমটা খুব শিগগির পরিণতিতে পৌঁছানোর কোনো সম্ভাবনা দেখছেন না ওজনিয়াকি। ‘বিয়ে? আমরা তো এখনো তরুণ। অনেক সময় তো পড়েই আছে’—প্রশ্নটা যেন এড়িয়েই গেলেন এই ডেনিশ স্বর্ণকেশী। ওজনিয়াকির বয়স ২২, ম্যাকইলরয় এক বছরের বড়; আসলেই অনেক সময় তো পড়েই আছে! ওয়েবসাইট।