অন্যকলাম
শাহাদাতের বিয়েক্রীড়া প্রতিবেদক বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন গত পরশুই। আজ বিবাহোত্তর সংবর্ধনা রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে। শ চারেক লোক দাওয়াত দেওয়া হয়েছে, সব আয়োজন মোটামুটি সম্পন্ন। কিন্তু শেষ মুহূর্তে বিপাকে পড়ে গেলেন শাহাদাত হোসেন। আজ সন্ধ্যা থেকে কাল সন্ধ্যা পর্যন্ত হরতাল ডেকেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পেশাজীবী সমন্বয় পরিষদসহ বেশ কটি সংগঠন। বাধ্য হয়ে শাহাদাত একবার ভাবলেন অনুষ্ঠান এক দিন পিছিয়ে দেবেন। শেষ পর্যন্ত সেটা না করে সন্ধ্যা থেকে অনুষ্ঠান এগিয়ে এনেছেন দুপুরে। জাতীয় দলের পেসারের বিবাহোত্তর সংবর্ধনা তাই আজ দুপুরে।অবসরের ওয়েনপ্রবাদ আছে, হাতি মরে গেলেও লাখ টাকা। মাইকেল ওয়েন যেন এই প্রবাদকেই সত্যি প্রমাণ করছেন। জানিয়ে দিয়েছেন, এই মৌসুম শেষে অবসর নেবেন। তবে ৩৩ বছর বয়সী স্ট্রাইকার বেকার থাকছেন না। ফুটবল-পণ্ডিত হিসেবে কাজ করবেন টিভি ও রেডিওতে, বিবিসি স্পোর্টসের সঙ্গে চুক্তি হয়েছে মোটা অঙ্কের। টানাটানি শুরু হয়েছে রিয়েলিটি শোতেও। বিবিসি ওয়েনকে চায় তাদের ‘স্ট্রিক্টলি কাম ড্যান্সিং’ অনুষ্ঠানে, আইটিভি চায় ‘আই অ্যাম এ সেলিব্রিটি’ অনুষ্ঠানে। প্রথমটির নাম শুনেই বোঝা যাচ্ছে অনুষ্ঠানের ধরন। দ্বিতীয়টিতে ৮-১২ জন তারকাকে কয়েক সপ্তাহ কাটাতে হয় জঙ্গলে। ওয়েনই ঠিক করবেন, ড্যান্স ফ্লোর নাকি জঙ্গল? ওয়েবসাইট।বার্সেলোনায় পোপ!তাঁর ফুটবল-প্রীতির কথা জানা গিয়েছিল আগেই। নতুন পোপ ফ্রান্সিস আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জোর একনিষ্ঠ ভক্ত, সেটাও পুরোনো খবর। তো ফুটবলপ্রেমিক পোপকে ন্যু ক্যাম্পে খেলার দেখার আমন্ত্রণ জানিয়েছেন এবার বার্সেলোনা সভাপতি সান্দ্রো রোসেল। এল মুন্দো দেপোর্তিভোতে ছাপা সেই চিঠিতে রোসেলের আহ্বান, ‘আমি আশা করব, আপনি ন্যু ক্যাম্পে একটা ম্যাচ দেখবেন। এখানে আপনার স্বদেশি খেলোয়াড় মেসি ও মাচেরানো তো আছেই। তারা এই চিঠিতে সই করে আপনাকে শুভেচ্ছাও জানিয়েছে।’ পোপকে কাতালান ক্লাবের দর্শকসারিতে ক্যামেরাবন্দী করার জন্য আলোকচিত্রীদের হয়তো তর সইছে না! ওয়েবসাইট।